নড়াইলে আগুনে পুড়ছে একটি বাড়ি। ছবি : সংগৃহীত
ভাস্কর দত্ত :
রাতভর বাড়িঘর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, দিনভর সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও বোমা-ককটেল বিস্ফোরণ। দেশের অন্তত ১০ জেলায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই সহিংস রূপ নিচ্ছে।
নড়াইল, পাবনা, চট্টগ্রাম, ঝিনাইদহ, নেত্রকোনা, টাঙ্গাইল, খুলনা, বগুড়া, গোপালগঞ্জ ও পটুয়াখালী—এই ১০ জেলায় গত কয়েক দিনে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
কোথাও হত্যার জেরে বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, কোথাও রাজনৈতিক দলের কার্যালয়ে অগ্নিসংযোগ, আবার কোথাও সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়তে হয়েছে।
নড়াইলে অর্ধশতাধিক বাড়িতে হামলা-আগুন
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিসহ দলটির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, অন্তত ৬০টি বাড়িতে হামলা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে নিহত দুই নেতার বিক্ষুব্ধ স্বজনেরা।
গত বুধবার কালিয়ায় হামলায় কৃষক দলের নেতা শাহিনুর ইসলাম ও জাসাস নেতা সোহেল রানা নিহত হন। তাঁদের হত্যার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিজিবির অবস্থান। ফাইল ছবি
পাবনায় দফায় দফায় সংঘর্ষ
পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার ও শনিবারের এসব ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সংঘর্ষে টেঁটা, বল্লম, রামদা ও হাঁসুয়াসহ দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রামে বিএনপির মিছিলে হামলা
চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হন। তিনটি মোটরসাইকেলে আগুন এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পরে ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালায় বলে জানা গেছে।
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বারোবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাব পুড়ে যায়।

বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ব্যাপক বিক্ষোভ-সমাবেশের মধ্যেই আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা জোরদার হচ্ছে। ছবি: সংগৃহীত
বোমা হামলা ও অগ্নিসংযোগ
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যের আঙুল পুড়ে যায়। টাঙ্গাইলের নাগরপুরেও গয়হাটা গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বগুড়ার নন্দীগ্রামে মশাল মিছিলের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ককটেল ও মশাল ফেলে পালিয়ে যান।
পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ১২ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। খুলনায় পৃথক ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
গোপালগঞ্জের জনজীবন
কয়েক দিনের সংঘাত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন। গত দুই দিনে নতুন করে বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। খুলেছে দোকানপাট, বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। তবে নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা ও নজরদারি চলছে। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এসব থানায় নিয়মিত পুলিশি সেবাও বন্ধ রয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত রয়েছে।