গঙ্গার পানি বণ্টন নিয়ে আজ ঢাকায় বাংলাদেশ-ভারত বৈঠক।ছবি : সংগৃহীত
গঙ্গা ও পদ্মার পানিবণ্টন নিয়ে তথ্য বিনিময়ের লক্ষ্যে আজ রোববার (২২ নভেম্বর) ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। তবে আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদ শেষ হতে চললেও বৈঠকের আলোচ্যসূচিতে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তির বিষয়টি রাখা হয়নি। অন্যদিকে, বিদ্যমান চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশ পানির প্রাপ্যতা নিশ্চিত করার শর্ত যুক্ত করতে চায়।
১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। এর আগে ১৯৭৭ সালে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে প্রথম চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি দেওয়ার কথা উল্লেখ ছিল।
১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনের ব্যবস্থা রয়েছে। এ সময় দুই দেশের প্রত্যেকের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা। তবে শুষ্ক মৌসুমে উজানে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীতে পানির সংকট দেখা দেয়। গঙ্গার ওপর ভারতের নির্মিত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাবও এ সংকটের পেছনে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দুই দেশের মধ্যে রাজনৈতিক দূরত্ব আলোচনার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, আগামী দুই বছরের মধ্যেও কোনো চুক্তি না হলে এর ফলে তৈরি হওয়া অচলাবস্থার প্রভাব বাংলাদেশের ওপরই বেশি পড়বে। তাঁর মতে, পানির প্রবাহ নিশ্চিত না হলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও কার্যকর করা কঠিন হবে। এ পরিস্থিতিতে দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকারকে আলোচনায় এগিয়ে আসা এবং সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি।
যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির জানান, গঙ্গা চুক্তি নিয়ে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তিনটি বৈঠক হয়ে থাকে। গত রোববার তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠক নিয়মিত কার্যক্রমের অংশ বলেও উল্লেখ করেন তিনি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়নের বিষয়ে কোনো অগ্রগতি হবে কি না, জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানিবণ্টনসংক্রান্ত তথ্য বিনিময়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চুক্তির মেয়াদ অনুযায়ী, ঢাকায় আজকের বৈঠকটি এ পর্যায়ের শেষ বৈঠক। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনা না থাকায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।