শেখ হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক। ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথ খুঁজতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন আওয়ামী লীগের চার শীর্ষস্থানীয় নেতা। রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের বিপরীতে অবস্থিত পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় গিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পরিদর্শনকারী চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
রোববার সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন তাঁরা। দুপুর ২টার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় পৌঁছায়। এর একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তাঁরা।
বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন নেতারা। সীমান্ত এলাকায় যাওয়া ও ফেরার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন তাঁরা।
বিকল্প সীমান্তপথও বিবেচনায়
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ নির্ধারণে শুধু একটি রুটের ওপর নির্ভর করতে চান না আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার তাঁদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সড়কপথ এবং সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করবেন তাঁরা।
পাসপোর্ট ও এনআইডি নিয়ে দিল্লির অনুরোধ
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে ভারত অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ ও এই সময়।
প্রতিবেদন দুটির ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে অনুরোধ জানানোর ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্তকে বিবেচনায় রাখা হচ্ছে। বিকল্প পথ খোলা রাখতেই আওয়ামী লীগের নেতারা এসব এলাকা পর্যবেক্ষণ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের তারিখ কিংবা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথাও প্রকাশ করা হয়নি।
সূত্র: এশিয়া পোস্ট