যুবকের বাসর রাতে এসে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা। ছবি: সংগৃহীত
বিয়ের আনন্দ-উৎসব তখনো শেষ হয়নি। নতুন বউকে নিয়ে বাসর সাজানোর প্রস্তুতি চলছিল। এমন সময় হাজির অন্তঃসত্ত্বা এক তরুণী। দাবি, অনাগত সন্তানকে স্বীকৃতি দিতে হবে, তাঁকেও দিতে হবে স্ত্রীর মর্যাদা। এমন পরিস্থিতিতে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান বর। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুক গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর নববধূকে বাড়িতে নিয়ে আসেন তিনি।
রাত ১০টার দিকে বাড়িতে যখন বিয়ের আনুষ্ঠানিকতা ও আনন্দ-উৎসব চলছিল, তখনই সেখানে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী। তাঁর উপস্থিতিতে মুহূর্তেই বদলে যায় বিয়েবাড়ির পরিবেশ।
বিয়ের রাতেই প্রেমিকার আগমন
ওই তরুণীর অভিযোগ, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ফারুক তাঁকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।
তরুণীর দাবি, পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এর মধ্যে ফারুকের অন্যত্র বিয়ের খবর পেয়ে তিনি স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে বরের বাড়িতে হাজির হন।
নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত ওই তরুণী ফারুকের বাড়িতে অবস্থান করছিলেন। পরে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে রোববার (২২ নভেম্বর) তিনি ময়মনসিংহ শহরের দিকে রওনা হন।
এদিকে ঘটনার পর আত্মগোপনে রয়েছেন ওমর ফারুক। তিনি নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার দাবি করেন, ওই তরুণী সম্পর্কের কথা বললেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি ও আত্মহত্যার হুমকি দিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ফারুক নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তরুণীর ভাষ্যমতে, ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানার আওতাধীন হওয়ায় তাঁকে সেখানে আইনি প্রতিকার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।