মিরপুরে আজকের সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কিছু বলেননি বিসিবি সভাপতি তামিম ইকবাল। তবে তাঁর কথায় ছিল ভিন্ন কিছুর আভাস। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকা ক্যারিবীয় কোচকে নিয়ে তামিমের মন্তব্য, ‘সময় হলে আপনারা অনেক কিছুই জানবেন।’ মিরপুরে আজ সংবাদ সম্মেলনে কোচের মূল্যায়ন থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, ভবিষ্যৎ সিরিজ পরিকল্পনা ও ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন তামিম। সেই সভার কিছু সিদ্ধান্ত আগেই জানা গেলেও সংবাদ সম্মেলনে নতুন করে বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে জাতীয় দলের কোচ ফিল সিমন্সকে নিয়ে তাঁর মন্তব্য।
জাতীয় দলের কোচ হিসেবে সিমন্সের পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করছেন, এমন প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য করেননি তামিম। বরং চলমান সিরিজের প্রতি সম্মান দেখিয়ে আপাতত বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘যেহেতু একটা সিরিজ চলছে, আমার নিজস্ব মতামত নিশ্চয়ই আছে। আমি নিশ্চিত সামনে আপনারা অনেক কিছুই দেখবেন। এই মুহূর্তে একটা সিরিজ চলছে, আমাকে সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বাংলাদেশ দল আরেকটি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে, এরপর ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা জানবেন।’
সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে তামিমের এই মন্তব্যের পর কোচের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। যদিও এ বিষয়ে বিসিবি সভাপতির পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
এদিকে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় ছেলেদের বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বাছাই টুর্নামেন্ট। সেখান থেকে একটি দল অলিম্পিকের ষষ্ঠ দল হিসেবে জায়গা করে নেবে। তামিম জানিয়েছেন, টুর্নামেন্টের ম্যাচগুলো ঢাকায় আয়োজনের সম্ভাবনাই বেশি।
দেশে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তাঁর আশা, বাংলাদেশ দল ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারবে।
শুধু অলিম্পিক বাছাইপর্ব নয়, ২০৩১ ওয়ানডে বিশ্বকাপেও বড় ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ওই বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজনের চেষ্টা করছে বোর্ড। তামিমের বিশ্বাস, এ ক্ষেত্রে সফল হবে বিসিবি। পাশাপাশি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচও বাংলাদেশে আগের তুলনায় বেশি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
আগামী বছর বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বিসিবির। এ বিষয়ে তামিম জানিয়েছেন, বিশ্বকাপের আগে নয়, এশিয়া কাপের আগে সিরিজটি আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির প্রস্তাবে পাকিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিবাচক মনোভাব দেখালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সাদা বলের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়েও আশাবাদী তামিম। বিভিন্ন দেশের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। এখনো কোনো কিছু চূড়ান্ত না হলেও ভবিষ্যতে সুখবর আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।
আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজন ও সূচি পরিকল্পনার পাশাপাশি দেশের ক্রিকেট অবকাঠামো এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও কথা বলেছেন তামিম। নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে বিসিবির।
এ ছাড়া ক্রিকেটারদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জিমনেসিয়াম, সুইমিংপুল ও অ্যাথলেটিকস ট্র্যাক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সুবিধা গড়ে তুলতে পাঁচ বছরের জন্য প্রাইম ব্যাংককে পৃষ্ঠপোষক হিসেবে পেয়েছে বিসিবি।
দেশের ছয়টি জেলা শহরে বিসিবি ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তামিম। নারী ক্রিকেটারদের মাতৃত্বকালীন সুবিধা, নতুন অবকাঠামো এবং জেলা পর্যায়ে একাডেমি চালুর বিষয়গুলোতে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আগামী ২৮ নভেম্বর বিসিবির বোর্ড সভায় এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হবে।