লিড নিউজ

যুদ্ধ বন্ধের প্রত্যাশা নিয়ে আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক শুরু

  • 7:28 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৬ আগষ্ট- দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে বহুল প্রতীক্ষিত বৈঠক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কায়। এতে মুখোমুখি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলের নজর কাড়া এই বৈঠক শুক্রবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত দেড়টা) শুরু হয়। প্রধান লক্ষ্য যুদ্ধের সমাপ্তি টেনে একটি টেকসই শান্তি চুক্তির সম্ভাবনা খোঁজা।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

বৈঠকের আগে সকালে আলাস্কার বিমানবন্দরে নেমে আসে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’। কিছুক্ষণের মধ্যেই পুতিনকে বহনকারী বিমানও অবতরণ করে। লালগালিচায় দাঁড়িয়ে দুই নেতা করমর্দন ও হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার পর এটিই ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি সাক্ষাৎ।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, বৈঠকটি ন্যূনতম ছয় থেকে সাত ঘণ্টা চলবে এবং মস্কো আশা করছে এটি ‘ফলপ্রসূ’ হবে। রুশ রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনেও উল্লেখ করা হয়, আলোচনায় মূল ফোকাস থাকবে যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধান।

বৈঠকের সফলতা কীসে নির্ভর করবে এমন প্রশ্নে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “আমি ইউক্রেনের যুদ্ধ বন্ধ দেখতে চাই। আমি চাই যুদ্ধবিরতি। আজই যদি সেটি না হয়, আমি খুশি হব না। আমি হত্যাযজ্ঞ বন্ধ চাই।” তিনি আরও বলেন, “কীভাবে বৈঠক সফল হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে আমি জানি, এখনই কোনো কিছু নির্ধারিত নয়। আমার লক্ষ্য দ্রুত যুদ্ধবিরতি।”
ট্রাম্প অতীতেও ইউক্রেন যুদ্ধকে ‘রক্তপাতপূর্ণ সংকট’ আখ্যা দিয়েছেন এবং দ্রুত সমাপ্তির মাধ্যমে নিজেকে ‘বিশ্বশান্তির দূত’ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি আলাস্কার বৈঠক ইতিবাচক ফল দেয়, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করা হবে, যা হবে আরও গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সমাধানের পথে একটি বড় ধাপ।

এদিকে, আলাস্কার এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ইউরোপীয় অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে, আলোচনায় অগ্রগতি হলে তা বিশ্ব রাজনীতিতে একটি বড় মোড় ঘোরানোর ঘটনা হিসেবে দেখা হবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au