অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাল ইরান । ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ৫ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তের জবাবে কূটনৈতিক সম্পর্কের স্তর কমানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটি জানায়, ক্যানবেরায় ইরানের কনস্যুলার কার্যক্রম চলবে, তবে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলো।
বৃহস্পতিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই বলেন, “অস্ট্রেলিয়ার অযৌক্তিক পদক্ষেপের জবাবে ইরানও কূটনৈতিক প্রতিনিধিত্বের স্তর হ্রাস করেছে।” তিনি জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইতোমধ্যেই ইরান ছেড়ে গেছেন।
বাঘাই আরও বলেন, “আমরা কূটনৈতিক সম্পর্ক হ্রাসকে স্বাগত জানাই না। কারণ এর কোনো যৌক্তিক ভিত্তি নেই। এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”
তবে মুখপাত্র জানান, ইরান ক্যানবেরায় অবস্থিত তাদের কনস্যুলার সেকশন চালু রেখেছে। ফলে সেখানে বসবাসরত ইরানি নাগরিকরা প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে থাকবেন।
অ্যান্টিসেমিটিজমের অভিযোগ নিয়ে বাঘাই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এগুলো হাস্যকর ও ভিত্তিহীন অভিযোগ।”
গত সপ্তাহে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। দেশটির অভিযোগ, তেহরান মেলবোর্ন ও সিডনিতে ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ হামলার পেছনে জড়িত। সেই প্রেক্ষিতেই কূটনৈতিক সম্পর্ক কমানোর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।
ইরান মনে করে, এ ধরনের পদক্ষেপ শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই নয়, বরং পারস্পরিক সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করবে। বাঘাই বলেন, “এটি দুই জাতির জন্যই অকল্যাণকর সিদ্ধান্ত।”
অস্ট্রেলিয়া ও ইরানের মধ্যকার এই কূটনৈতিক টানাপোড়েনকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের সাম্প্রতিক উত্তেজনার অংশ হিসেবেই দেখছেন।