বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেখা যাবে। গ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে, যা এ বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ।
বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হবে এবং ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, মধ্যরাতের দিকে দৃশ্যমান হবে। এ সময় চাঁদকে বলা হচ্ছে ‘সুপার ব্লাড মুন’। কারণ, সাধারণ সময়ের তুলনায় চাঁদ প্রায় ৭ শতাংশ বড় এবং উজ্জ্বলতায় ১৫ শতাংশ বেশি দেখা যাবে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে এটি গাঢ় লাল রঙের হয়ে উঠবে।
পূর্ণ চন্দ্রগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এশিয়ার ভারত ও চীন থেকে। বাংলাদেশ থেকেও আকাশ পরিষ্কার থাকলে স্পষ্টভাবে দেখা যাবে। ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ ও আফ্রিকার পূর্বাংশ থেকেও গ্রহণটি পর্যবেক্ষণ করা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন, সূর্য, পৃথিবী ও চাঁদ কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় চলে এলে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যায়, যা চন্দ্রগ্রহণ নামে পরিচিত। তবে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের বেশির ভাগ আলো প্রতিফলিত বা শোষণ করলেও লাল আলো চাঁদে পৌঁছে যায়। ফলে চাঁদ রক্তাভ হয়ে ওঠে, যা জনপ্রিয়ভাবে ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গ্রহণটি রাতভর দেখা যাবে এবং এ ধরনের ঘটনা আবার দেখা যাবে কয়েক বছর পর। তাই আজকের এই সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।