ঢাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে মব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে মব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নেতারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মব সন্ত্রাসের ঘটনা ঘটলেও সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশ ছিল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ। কর্মসূচিতে মব সন্ত্রাস বন্ধ, মাজার-খানকায় হামলা প্রতিরোধ, দ্রব্যমূল্য কমানো, শ্রমজীবী মানুষের সংকট নিরসন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ না দেওয়া এবং প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি তুলে ধরা হয়।
বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
নেতারা অভিযোগ করেন, সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব থেকে সরে গিয়ে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের মতামত উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার ষড়যন্ত্র চলছে। একইভাবে করিডোর প্রসঙ্গে সরকার প্রকাশ্যে নীরব থাকলেও নীতিগত অবস্থান থেকে সরে এসেছে এমন কোনো ইঙ্গিত নেই। নেতারা বলেন, বাণিজ্যচুক্তির নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতায় দেশবাসী উদ্বিগ্ন হলেও সরকার তা প্রকাশ করছে না।
এ ছাড়া সরকারের উপদেষ্টাদের লাগামহীন মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ ও ক্ষোভ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দুর্গাপূজাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে নেতারা অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। নীলফামারীতে শ্রমিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, দেশে আজ মানুষের জীবনের নিরাপত্তা নেই।
বাম জোটের নেতারা আরও বলেন, তারা শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয়, বরং ব্যবস্থা পরিবর্তনের সংগ্রামে লড়াই করছে। এই সংগ্রামে জয় ছাড়া মানুষের মুক্তি সম্ভব নয়। তাই দেশবাসীকে বাম শক্তির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।