বিশ্ব

‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ হয়েছে : শহিদুল আলম

  • 7:42 am - October 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার
‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি আক্রমণ। ছবিঃ ফ্লোটিলা লাইভ ট্রাকার ওয়েবসাইট থেকে

মেলবোর্ন, ২ অক্টোবর- ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ‘আলমা’ নামের জাহাজে ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি জানান, “আমরা এখন ‘কনশানস’ জাহাজে আছি। কিছুক্ষণ আগে খবর এসেছে, ‘আলমা’-র ওপর আক্রমণ হয়েছে। আমরা সবাই এখানে জড়ো হয়েছি এবং পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আলমা ছিল বহরের একেবারে সামনে, আর আমরা পেছনের দিকে। তাই সেখানে যা ঘটছে, তা আমাদের ওপরও প্রভাব ফেলতে পারে। এটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

যেখানে আলমা হামলার শিকার হয়েছে। ছবিঃ ফ্লোটিলা লাইভ ট্রাকার ওয়েবসাইট থেকে

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক নৌবহর, যার লক্ষ্য অবরুদ্ধ গাজায় সরাসরি সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়া। প্রায় ৪০টি ছোট নৌযান নিয়ে গঠিত এই বহরে আছেন ৪৪টি দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, রাজনীতিক, সাংবাদিক ও চিকিৎসক। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ, এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা।

ফ্লোটিলা যত গাজার দিকে অগ্রসর হচ্ছে, পরিস্থিতি ততই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শহিদুল আলম ইতালির একটি বন্দর থেকে প্রধান নৌযান ‘কনশানস’-এ ওঠেন। যাত্রার শুরুতে তিনি বলেছিলেন, “আমরা মানবিক বার্তা নিয়ে যাচ্ছি, অস্ত্র নয়।”

ফ্লোটিলার প্রধান নৌযান ‘কনশানস’-এর মাত্র কয়েক কিলোমিটার দূরেই বর্তমানে ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো অবস্থান করছে। ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াসেমিন আকর আল–জাজিরাকে জানিয়েছেন, “ইসরায়েলি নৌযান দুই দিক থেকে ‘আলমা’কে ঘিরে ফেলেছে। যে কোনো মুহূর্তে তারা জাহাজে হস্তক্ষেপ করতে পারে।”

ইসরায়েলের প্রকাশ্য হুমকি উপেক্ষা করেই গাজার দিকে এগোচ্ছে এই নৌবহর। তবে বুধবার রাতে ফ্লোটিলার কয়েকটি নৌযান সাইবার হামলার শিকার হয়, যার ফলে যোগাযোগ ব্যবস্থা কিছু সময়ের জন্য ভেঙে পড়ে। একই রাতে ইসরায়েলি দুটি যুদ্ধজাহাজ দ্রুতগতিতে এসে ‘আলমা’ ও ‘সাইরাস’ নামের জাহাজ দুটি ঘিরে ফেলে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, “এখনও সময় আছে। চাইলে ত্রাণসামগ্রী সাইপ্রাস, আশকেলন মেরিনা বা অন্য বন্দরে হস্তান্তর করতে পারেন।” এর জবাবে ফ্লোটিলা কমিটি জানায়, “ইসরায়েলের এই আচরণ ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। আমরা গাজার দিকে যাত্রা অব্যাহত রাখব।”

ইতালি ও স্পেন জানিয়েছে, উদ্ধার ও মানবিক সহায়তার জন্য তাদের নৌবাহিনী প্রস্তুত আছে, যদিও তারা কোনো সামরিক পদক্ষেপে অংশ নেবে না। তুরস্কও ড্রোনের মাধ্যমে পুরো অভিযানের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, “বিশ্বের সব রাষ্ট্রের দায়িত্ব এই ফ্লোটিলার নিরাপদ যাত্রা নিশ্চিত করা। ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানো প্রয়োজন।”

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ২০ জন সদস্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়ে ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, রাশিদা তালিব ও ইলহান ওমরসহ কয়েকজন প্রগতিশীল আইনপ্রণেতা।

২০০৭ সালে হামাস গাজায় ক্ষমতায় আসার পর থেকেই ইসরায়েল সমুদ্রপথে অবরোধ আরোপ করে রেখেছে। ২০২৩ সালের অক্টোবরের যুদ্ধের পর থেকে অবরোধ আরও কঠোর হয়। মার্চের পর থেকে গাজায় কার্যত সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ হয়ে গেছে।

বিশ্লেষকদের ধারণা, বৃহস্পতিবার সকাল নাগাদ ইসরায়েলি বাহিনী ‘সুমুদ ফ্লোটিলা’র নিয়ন্ত্রণ নিতে পারে। বহর যত গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, ভূমধ্যসাগরের উত্তেজনাও তত বেড়ে যাচ্ছে। এখন বিশ্ব তাকিয়ে আছে—ইসরায়েল কি আবারও মানবিক সহায়তার পথ রক্তাক্ত করবে?

সুত্রঃ আল জাজিরা ও শহিদুল আলমের ফেসবুক একাউন্ট

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au