লিড নিউজ

ফার্মগেটে দুর্ঘটনার পর আংশিক চালু মেট্রোরেল, নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ

  • 9:05 pm - October 26, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
মেট্রোরেল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ অক্টোবর- রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুপুর সাড়ে ১২টার দিকে চলাচল বন্ধ হলেও কিছুক্ষণ পর আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে। তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ এখনো বন্ধ রয়েছে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবুল কালাম। তাঁর সঙ্গে থাকা পাসপোর্ট থেকে জানা গেছে তিনি শরীয়তপুরের নড়িয়া এলাকার বাসিন্দা। দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে হঠাৎ পিলারের ওপর থেকে ভারী রাবারের বিয়ারিং প্যাড নিচে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মরদেহ নিয়ে যাচ্ছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

দুর্ঘটনার পরপরই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে জানায়, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সমস্যা সমাধানে জরুরি মেরামতকাজ চলছে। প্রতিষ্ঠানটি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার অনুরোধ জানায়।

দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, “উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু বাকি অংশ চালু করতে কিছুটা সময় লাগবে। ক্রেন আনতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মেরামতের পর পরীক্ষা জরুরি।”

এদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল কবে শুরু হতে পারে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি কেউই। মেট্রোরেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “গতবার একই ধরনের ঘটনায় মেরামতে ১১ ঘণ্টা লেগেছিল। এবার কত সময় লাগবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।”

মেট্রোরেলের লাইনের নিচের পিলারের সঙ্গে যে রাবারের বিয়ারিং প্যাড থাকে, সেটিই ট্রেনের কম্পন শোষণ করে ব্রিজ বা উড়ালপথকে সুরক্ষিত রাখে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাড ছাড়া ট্রেন চালালে ঝুঁকি থাকে উড়ালপথ দেবে যাওয়া বা স্থানচ্যুতি হওয়ার। তাই পুরো রুট না খুলেই আংশিক চালু রাখা হয়েছে।

মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

দুর্ঘটনার পর রাজধানীর বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। কারওয়ান বাজার মেট্রো স্টেশনে চারটি প্রবেশপথই আনসার ও পুলিশের সদস্যরা বন্ধ করে দেন। যাত্রীরা কখন মেট্রো চালু হবে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো উত্তর কেউ দিতে পারেননি। হতাশ হয়ে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।

যাত্রী তোরাব হাসান বলেন, “মতিঝিল যাওয়ার জন্য কারওয়ান বাজার স্টেশনে এসেছিলাম। এসে দেখি সব গেট বন্ধ। জানলাম দুর্ঘটনা হয়েছে। কিন্তু কেউ বলতে পারছেন না কখন আবার চলাচল শুরু হবে।” স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এক আনসার সদস্য যাত্রীদের উদ্দেশে বলেন, “আজ আর মেট্রোরেল চলবে না। বাড়ি ফিরে যান।”

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরও একই স্থানে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে মেট্রোরেল বন্ধ হয়েছিল প্রায় ১১ ঘণ্টা। সেই ঘটনার পর বিশেষজ্ঞরা নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার একই ধরনের দুর্ঘটনা আবারও ঘটায় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০২২ সালের ২৮ ডিসেম্বর উদ্বোধনের পর থেকে মেট্রোরেল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। ডিএমটিসিএলের হিসাব অনুযায়ী, চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ কোটি ৭৫ লাখ যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। তাই হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মানুষজনের দৈনন্দিন যাত্রায় বড় ধাক্কা লেগেছে।

মেরামত শেষ হয়ে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল কবে শুরু হবে, তা নির্ভর করছে বিয়ারিং প্যাড স্থাপন, পরীক্ষা এবং নিরাপত্তা যাচাই শেষ হওয়ার ওপর। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল চালু থাকলেও বাকিটা শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাতে আগুন

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর…

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

ফিল্ড ফায়ারিং মহড়ায় দুর্ঘটনা, দুই সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য…

হিমবাহধসের আগে ‘অস্বাভাবিক গরম’, বেরিয়ে এলো নেপালে আকস্মিক বন্যার কারণ

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার সূত্রপাত ঘটানো হিমবাহধসের আগে ওই এলাকায় বছরের এই সময়ের তুলনায় অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করছিল। নতুন এক আবহাওয়া বিশ্লেষণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au