বাংলাদেশ

কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

  • 12:29 am - October 26, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা। ছবি: সংগৃহীত

কানাডার ভিসা পেতে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য ভিসা নেওয়ার চেষ্টায় কথিত জালিয়াতির ঘটনায় তাঁদের অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। বৃহস্পতিবার সংস্থাটি এ তথ্য জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, কথিত জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য জমা দেওয়া অস্থায়ী বাসিন্দা ভিসার ২৪৩টি আবেদন শনাক্ত করেছেন তদন্তকারীরা।

সিবিএসএ জানায়, বৃহস্পতিবার অভিযুক্তদের মধ্যে চারজন কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। তাঁরা হলেন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম।

পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বর্তমানে বাংলাদেশে রয়েছেন বলে ধারণা তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে কানাডার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়েতে একটি আবাসিক ভবনে তল্লাশি চালানোর পর এ তদন্তের সূত্রপাত হয়। সে সময় সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় পুলিশ ও দমকলকর্মীরাও ছিলেন। তল্লাশিতে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইন লঙ্ঘনের সম্ভাব্য প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এর পর ওই বছরের আগস্টে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে সংস্থাটি।

তদন্তে ২০৯ বাংলাদেশি নাগরিকের পক্ষে জমা দেওয়া অস্থায়ী বাসিন্দা ভিসার ২৪৩টি আবেদন শনাক্ত করা হয়। এসব আবেদনকারী কানাডার নাগরিক হিসেবে উপস্থাপিত ব্যক্তিদের আমন্ত্রণে দেশটিতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানানো হয়েছে। সিবিএসএর অভিযোগ, জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহার করে তাঁদের ভিসা পাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল।

২০২৫ সালের ৩ জুন তদন্তকারীরা কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে তল্লাশির পরোয়ানা কার্যকর করেন। এ সময় ডিজিটাল ডিভাইস ও বিভিন্ন নথি জব্দ করা হয়।

তদন্তের পরিধি ও জটিলতার কারণে তদন্তকারীরা ৭৯টি ভিসা আবেদনের ওপর বিশেষ গুরুত্ব দেন। এসব আবেদনের ক্ষেত্রে তাঁদের হাতে তুলনামূলকভাবে শক্তিশালী প্রমাণ ছিল বলে জানিয়েছে সিবিএসএ।

অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে কানাডার অভিবাসন আইনের তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে অবৈধভাবে প্রবেশে সহায়তার ষড়যন্ত্র, ভিসার আবেদনে তথ্য গোপন বা ভুল তথ্য দিতে সহায়তা এবং অভিবাসন আইন লঙ্ঘনে প্ররোচনা দেওয়ার অভিযোগ।

তবে এসব অভিযোগ আদালতের যাচাই ও বিচারিক প্রক্রিয়ার অধীন রয়েছে বলে জানিয়েছে সিবিএসএ।

কানাডার জননিরাপত্তামন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারী বলেন, দেশটির অভিবাসনব্যবস্থার অপব্যবহারের চেষ্টা করলে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।

তিনি বলেন, “কানাডার অভিবাসনব্যবস্থা সততা, ন্যায্যতা ও আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। যারা জালিয়াতির উদ্দেশ্যে এই ব্যবস্থার অপব্যবহার বা এর কার্যকারিতা ক্ষুণ্ন করার চেষ্টা করবে, তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।”

সিবিএসএর কুইবেক অঞ্চলের মহাপরিচালক এরিক লাপিয়ের বলেন, অভিবাসনব্যবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করা চক্রগুলোকে শনাক্ত ও তাদের কার্যক্রম ব্যাহত করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। এই তদন্ত তারই প্রতিফলন।

সিবিএসএর তথ্যমতে, ২০২৫ সালে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ১৯১টি ফৌজদারি তদন্ত শুরু করা হয়। আর ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ৫৫টি তদন্ত শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

বিমানের ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

সৌদি আরবে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার…

পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে একাধিক মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে…

ফিলিপাইনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ৪ পাইলটের

ফিলিপাইনে বিমানবাহিনীর প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে দুটি প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির বাতাঙ্গাস প্রদেশের লিপা সিটির ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা…

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au