হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু
ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…
ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মনোরঞ্জন রায় পাশের চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর গ্রামের বাসিন্দা। তিনি পার্বতীপুর উপজেলার সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোল্লাপাড়া গ্রামে মৃত আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে আসাদুজ্জামানের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন মনোরঞ্জন রায়।
বৈঠকের একপর্যায়ে রাস্তা ও জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় মনোরঞ্জন রায় উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান ও তার লোকজন লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, রোববার দুপুর আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে আসাদুজ্জামানকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au