লিড নিউজ

আলোচনা টেবিল ছেড়ে রাজপথে ফেরার প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর: নভেম্বর কি উত্তপ্ত হতে যাচ্ছে?

  • 7:29 pm - November 09, 2025
  • পঠিত হয়েছে:২৪০ বার
২০২৬ সালের নির্বাচনে কোন পথে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ নভেম্বর- সংস্কার আলোচনার টানা আট মাস পেরিয়ে এখন রাজপথে ফেরার ঘোষণা দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশন ঘিরে সংলাপ চললেও নভেম্বরের শুরুতেই নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। নির্বাচনের ঘনিয়ে আসা সময়, সংস্কার বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং গণভোটের সময়সূচি নিয়ে অমিল; সব মিলিয়ে নভেম্বরের রাজনীতি গরম হয়ে উঠছে।

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে সংস্কার বাস্তবায়নের আলোচনা শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে ৩০টি দলের সঙ্গে সাড়ে আট মাসের বৈঠকে জুলাই সনদ তৈরি হলেও, এর বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হয়নি। এই প্রেক্ষাপটেই বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কিছু দল এখন রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে।

১১ নভেম্বর ঢাকায় সমাবেশ করবে জামায়াতসহ আটটি ইসলামি দল। তাদের দাবি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন, এবং জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু। অন্যদিকে বিএনপি চায় ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক। তারা ইতিমধ্যে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করে রাজপথে প্রচারণা শুরু করেছে।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি। এই কর্মসূচিকে তারা নির্বাচনী প্রস্তুতির সূচনা হিসেবে দেখছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়েছেন, আর ভোটকেন্দ্রভিত্তিক কমিটি পুনর্গঠনের কাজ চলছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি আলোচনায় না এসে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি করছে। তাঁর ভাষায়, “বিএনপির মহাসচিবকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাঁরা বলেছেন, জামায়াতের আহ্বানে সাড়া দেবেন না। বিগত রেজিমও সবসময় এই সুর বাজাত, ওমুকের সঙ্গে বসব না।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কথায় কথায় আপনি রাস্তায় যাবেন। এখন অন্য দল যদি তার প্রতিবাদে রাস্তায় নামে, তাহলে সংঘর্ষ হবে না?”

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। ওই দিনই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে, এদিন আওয়ামী লীগও রাজপথে নামতে পারে।

অন্যদিকে জামায়াতের নেতৃত্বে আটটি ইসলামি দল ১১ নভেম্বরের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়ে নভেম্বরে গণভোট আয়োজন ও সংস্কার বাস্তবায়নের দাবি তুলেছে। এই জোটের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সব মিলিয়ে নভেম্বরের প্রথমার্ধে তিনটি বড় কর্মসূচি ৭, ১১ ও ১৩ নভেম্বর রাজনীতিকে আবারও সংঘর্ষমুখী করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই তিন তারিখই দেশের রাজনৈতিক আবহে স্পর্শকাতর সময় তৈরি করবে।

বিএনপি চাইছে নির্বাচনের সঙ্গে গণভোট একসঙ্গে হোক, আর জামায়াতসহ ইসলামপন্থী দলগুলো চাইছে গণভোট আগে হোক। এর ফলে উভয় পক্ষই রাজপথে নিজেদের শক্তি দেখাতে মরিয়া।

অন্যদিকে নিষিদ্ধ আওয়ামী লীগও ধীরে ধীরে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে, কারণ যে কোনো সময় রাজনৈতিক সংঘর্ষ বা সহিংসতা দেখা দিতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দলগুলো এখন ক্যালকুলেটিভ পদক্ষেপ নিচ্ছে, সংঘর্ষ নয়, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায় তারা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নভেম্বর রাজনীতির সবচেয়ে উত্তপ্ত মাস হয়ে উঠতে পারে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au