রাজধানীর কড়াইল বস্তিতে আগুন। ছবি : সংগৃহীত
মেলবোর্ন, ২৭ নভেম্বর- রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগুনের উৎস, ক্ষয়ক্ষতির মাত্রা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় করণীয় যাচাই করে কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ। সদস্যসচিব হিসেবে থাকছেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
কমিটিতে আরও আছেন ফায়ার সার্ভিসের ঢাকা উত্তর জোন–২-এর উপসহকারী পরিচালক অতীশ চাকমা, তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজিম উদ্দিন সরকার এবং ঢাকা–২৩ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।
তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আগুন কীভাবে ছড়িয়েছে এবং নিয়ন্ত্রণ প্রক্রিয়া কতটা কার্যকর ছিল, এসব বিষয় খতিয়ে দেখবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও পুনরাবৃত্তি রোধে সুপারিশও করবে।
আগুন লাগার সময় কড়াইল বস্তির একাংশে দ্রুত ধোঁয়া ও শিখা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব এখনো জানা যায়নি।