মেলবোর্ন, ২৭ নভেম্বর- ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীদের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত রিয়াদ পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তাঁর বাবা মো. সাইদুল হক টিসিবির কর্মকর্তা এবং মা জান্নাতুল ফেরদৌস স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবারের দাবি, রিয়াদ আহত অবস্থায় দীর্ঘক্ষণ পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতরে পড়ে থাকলেও কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। সাইদুল হক সিসি ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকারীদের বিচার দাবি করেছেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে রিয়াদের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার পূর্ণ বিবরণ দেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।