বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। ছবি : সংগৃহীত
মেলবোর্ন, ২৭ নভেম্বর- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকা থেকে পাঠানো নতুন অনুরোধ পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারত। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পাওয়ার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে দিল্লি। জয়সওয়াল বলেন, বাংলাদেশের অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।
গত বছরের জুলাইয়ে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। এর পর থেকে তাকে ফেরত আনার জন্য দুই দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এবারই ভারত আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা জানিয়েছে।
জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাবে। তিনি আরও জানান, চলতি মাসে পাঠানো চিঠি ছাড়াও গত বছরের ডিসেম্বরে একই ধরনের অনুরোধ পাঠিয়েছিল ঢাকা।
বাংলাদেশের পাঠানো অনুরোধটি এখন বিচারিক ও আইনি কাঠামোর মধ্যেই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।