হংকংয়ের তাই পো এলাকায় লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জন। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৮ নভেম্বর- হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা ১২৮ এ পৌঁছেছে। উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্টে বুধবার যে আগুন লাগে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক দিনের বেশি সময় ধরে জ্বলতে থাকে। শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে এলে উদ্ধারকাজ শুরু হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ১২৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৮৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদের মধ্যে ফায়ার সার্ভিসের একজন কর্মীও আছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। সর্বশেষ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন প্রথমে ভবনের নিচতলায় ছড়িয়ে পড়ে, এরপর দ্রুত ওপরে উঠে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের তাপমাত্রা একসময় ৫০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়। এ কারণে আগুন নেভানোর পর কয়েক জায়গায় আবার দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
আগুনের প্রকৃত কারণ জানতে কয়েক দিন সময় লাগতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার ও নিয়ন্ত্রণে প্রায় আড়াই হাজার ফায়ার সার্ভিস কর্মী কাজ করেছেন। এর মধ্যে ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের সঙ্গে কাজ করেছে ৩৯১টি ফায়ার ইঞ্জিন এবং ১৮৮টি অ্যাম্বুলেন্স। ভবনের ভেতরের আগুনে হেলিকপ্টার কার্যকর হবে না বলে তা ব্যবহার করা হয়নি। ড্রোনও ব্যবহার করা হয়নি।
সূত্র: বিবিসি