ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার থেকে আবার অনলাইন ক্লাসে ফিরছে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৯ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার থেকে আবার অনলাইন ক্লাসে ফিরছে। ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের কারণে ৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামসুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব স্তরের ক্লাস রোববার থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাসের ব্যবস্থাপনা করবেন। নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ভূমিকম্প ও আফটার শকে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দলের মতামত অনুযায়ী শীতকালীন ছুটি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যাতে বাধাহীনভাবে চলতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে শনিবার সিন্ডিকেটের জরুরি বৈঠকে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ হল সংস্কারের জন্য দুই সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।