মেলবোর্ন, ১ ডিসেম্বর- কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপে ফেরার পথে নাফ নদের মোহনায় ঢেউয়ের আঘাতে বোটটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন, বয়স পঁয়ত্রিশ, এবং তার পাঁচ বছরের মেয়ে মাহিমা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, যাত্রীবাহী স্পিডবোটটি নাইক্ষ্যংদিয়া এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে আরেকটি বোট গিয়ে যাত্রীদের উদ্ধারে অংশ নেয়। মা ও মেয়েকে অচেতন অবস্থায় তীরে আনা হলেও বাঁচানো যায়নি।
নিহত মরিয়ামের ভাই বশির আহমেদ বলেন, বোন আর ভাগনিকে নিয়ে টেকনাফে যাচ্ছিলেন তারা। ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায় এবং কিছুক্ষণ পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানায়, মরিয়ামের ঢাকায় যাওয়ার কথা ছিল, সেই পথেই এই দুর্ঘটনার শিকার হন তারা।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আলভী জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুইজনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী বলেন, কীভাবে বোটটি উল্টে গেল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এই নৌপথে স্পিডবোট চলাচল করে আসছিল।