মেলবোর্ন, ২৬ ডিসেম্বর- দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। দোয়া শেষে নেতাকর্মীদের কিছুটা দূরে সরিয়ে দিয়ে তিনি কিছু সময় একান্তে বাবার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন। ওই মুহূর্তে তাকে আবেগাপ্লুত ও নীরব দেখা যায়।
এর আগে দুপুর ২টা ৫২ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তার আগমনকে ঘিরে জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকায় সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা পর্যন্ত মানুষের ঢল নামে। নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
পরে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বক্তব্য দেন তারেক রহমান। সেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা বলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।