রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৭ ডিসেম্বর- রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আটতলা ভবনটির ছাদের ওপর থাকা একটি গোডাউনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে শপিং কমপ্লেক্সটির ছাদের গোডাউন অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই, বিকেল ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ইউনিট যুক্ত করা হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়। বর্তমানে ৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কেউ আটকা পড়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।