বিশ্ব

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৩ হাজার

  • 12:02 am - January 16, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৩ হাজার । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে তিন হাজারে পৌঁছেছে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা তৈরি হয়েছে।

আইএইচআরের প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের ৩১টি প্রদেশের অন্তত ১৯০টি শহরে ছড়িয়ে পড়েছে। তবে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ভরযোগ্যভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

মানবাধিকার সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু ৮ থেকে ১২ জানুয়ারির মধ্যেই অন্তত ৩ হাজার ৩৭৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে আইএইচআর জানিয়েছে, নিহতদের বড় একটি অংশের বয়স ৩০ বছরের নিচে। এদের মধ্যে অন্তত ১৫ জন অপ্রাপ্তবয়স্ক বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করেছে, বিক্ষোভে নিহত ব্যক্তির প্রকৃত সংখ্যা ২০ হাজার পর্যন্ত হতে পারে। তবে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে ভয়াবহ দমন–পীড়নের চিত্র। তারা জানিয়েছেন, ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর মেশিনগান ব্যবহার করছে। রাজপথে আহত অবস্থায় পড়ে থাকা লোকজনের ওপর কাছ থেকে গুলি চালিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করার ঘটনাও ঘটেছে। উত্তরাঞ্চলীয় শহর রাশতের এক প্রত্যক্ষদর্শী বলেন, একদল তরুণ বিক্ষোভকারীকে ঘিরে ফেলার পর তারা আত্মসমর্পণের ইঙ্গিতে হাত তুলেছিল। এরপরও নিরাপত্তা বাহিনী তাদের গুলি করে হত্যা করে।

কারাজ শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মরদেহের সঙ্গে সেলফি তোলার অভিযোগও পাওয়া গেছে। পাশাপাশি কুর্দি–অধ্যুষিত অঞ্চলে অঘোষিত সামরিক আইন জারি করে বাড়ি বাড়ি গিয়ে ধরপাকড় চালানো হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেন, ক্ষমতা ধরে রাখতে ১৯৮০-এর দশকে ইরানের শাসকগোষ্ঠী যে ধরনের অপরাধ করেছিল, বর্তমানে আবারও সেই একই পথ অনুসরণ করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে সামনে আরও হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটতে পারে।

ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ৮ জানুয়ারি থেকে ইরানে প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এর ফলে দেশটি কার্যত বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দমন–পীড়নের প্রকৃত চিত্র জানা কঠিন হয়ে উঠেছে।

মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।

এই শাখার আরও খবর

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au