নির্বাচিত খবর

ওয়াশিংটোনিয়া পাম: রাজকীয়তা ও সৌন্দর্যের জীবন্ত প্রতীক

  • 1:26 pm - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- একটি লম্বা, সোজা কাণ্ড। মাথায় মেলে ধরা হাতের তালুর মতো পাতা। বাতাসে দুলতে থাকা সেই পাতার কোণায় ঝুলে থাকা সূক্ষ্ম সুতোসদৃশ তন্তু- এই মিলনেই জন্ম নেয় এক অনন্য সৌন্দর্য। পামগাছের জগতে এই বৈশিষ্ট্য যাকে আলাদা করে চিনিয়ে দেয়, তার নাম ওয়াশিংটোনিয়া পাম।

সরল গঠনের মধ্যেও যে রাজকীয়তা লুকিয়ে থাকতে পারে, ওয়াশিংটোনিয়া তারই এক জীবন্ত উদাহরণ। প্রথম দেখায় একে অন্য পামগাছের মতো মনে হলেও, একটু গভীরভাবে তাকালেই ধরা পড়ে এর স্বাতন্ত্র্য- কাণ্ডের গঠন, পাতার তন্তু, আর অবাক করা সহনশীলতা।

নামের ভেতর ইতিহাস
ওয়াশিংটোনিয়া নামটি কোনো শহর বা রাজ্যের নয়। এর নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন- এর সম্মানে। একটি উদ্ভিদের নামের সঙ্গে রাষ্ট্রনায়কের নাম জড়িয়ে থাকা নিজেই এক ধরনের রাজকীয় পরিচয় বহন করে।

এই পামগাছের আদি নিবাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া এবং সোনোরা অঞ্চলের আধা-মরু এলাকায়। যেখানে দিনের প্রচণ্ড গরম আর রাতের তীব্র ঠান্ডা- দুটোকেই সমানভাবে মোকাবিলা করতে হয়।

দুই রূপে এক সৌন্দর্য
ওয়াশিংটোনিয়া পামের প্রধান দুটি প্রজাতি বেশি পরিচিত- Washingtonia filifera ও Washingtonia robusta।

ফিলিফেরা তুলনামূলকভাবে মোটা কাণ্ডের, উচ্চতায় সাধারণত ২০ মিটারের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে রোবাস্টা চিকন কাণ্ডে আকাশ ছোঁয়ার চেষ্টা করে- ৩০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

এই দুই প্রজাতির সংকর রূপও কোথাও কোথাও দেখা যায়, যা গাছপ্রেমীদের কাছে আলাদা কৌতূহলের জন্ম দেয়।

ঠান্ডা-গরমে অবিচল
ওয়াশিংটোনিয়া পামের সবচেয়ে বড় শক্তি এর সহনশীলতা। একবার ভালোভাবে শিকড় গেড়ে বসতে পারলে এই গাছে যত্ম না নিলেও বেঁচে থাকতে পারে অনেক দিন। বিশেষ করে Washingtonia filifera তুষারপাত পর্যন্ত সহ্য করতে পারে- মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেও টিকে থাকার নজির আছে। তুলনামূলকভাবে রোবাস্টা কিছুটা সংবেদনশীল হলেও, উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় এটি দারুণভাবে বেড়ে ওঠে।

সুতোয় বাঁধা পাতার রহস্য
ওয়াশিংটোনিয়া পামের পাতাই এর আসল পরিচয়। হাতের তালুর মতো বিস্তৃত এই পাতার কিনারায় দেখা যায় সূক্ষ্ম সুতোসদৃশ তন্তু। এই বৈশিষ্ট্যের কারণেই এর নামের সঙ্গে যুক্ত হয়েছে filifera—অর্থাৎ ‘সুতো বহনকারী’।

পাতার ডাঁটা লম্বা এবং ধারালো কাঁটাযুক্ত, যা সৌন্দর্যের পাশাপাশি সতর্কতার বার্তাও দেয়। পাতা ছাঁটাই করলে কাণ্ডের চারপাশে লালচে-বাদামি রঙের স্তর দেখা যায়, যা গাছটিকে আরো আলাদা চেহারা দেয়।

শুকনো পাতার নান্দনিকতা
এই পামগাছের শুকনো পাতাগুলো কাণ্ডের সঙ্গে ঝুলে থাকে, অনেকটা স্কার্টের মতো। অনেক জায়গায় এগুলো কেটে ফেলা হলেও, প্রকৃতিপ্রেমীরা মনে করেন- এই শুকনো পাতাই ওয়াশিংটোনিয়াকে দেয় তার স্বকীয় চরিত্র। সব সৌন্দর্য যে সবুজেই সীমাবদ্ধ, তা নয়।

ফুল, ফল আর নতুন জীবন
ওয়াশিংটোনিয়া পামের ফুল খুব উচ্চতায় ফোটে- কখনো কখনো মানুষের চোখের আড়ালেই। বসন্তের শেষ থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে ছোট, হালকা রঙের ফুলের থোকা দেখা যায়। পরে সেগুলো থেকে জন্ম নেয় ছোট ছোট বীজ, যেগুলোর চারপাশে থাকে হালকা মিষ্টি শাঁস- স্বাদে খানিকটা খেজুরের মতো।

এই বীজ খুব সহজেই অঙ্কুরিত হয়। তাই ফুটপাথের ফাঁক, দেয়ালের গোড়া বা অনাদৃত কোনো কোণেও গজিয়ে ওঠে ছোট ওয়াশিংটোনিয়া চারা- নীরবে জানান দেয় জীবনের দৃঢ়তা।

রাজকীয় নাম, সহজ জীবন
ওয়াশিংটোনিয়া পাম একদিকে রাজকীয় নাম ও সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে অবহেলাতেও টিকে থাকার শক্তির উদাহরণ। সুতোয় বাঁধা পাতার ফাঁকে ফাঁকে সে যেন বলে যায়- প্রকৃতির সৌন্দর্য সবসময় জাঁকজমকপূর্ণ নয়, অনেক সময় তা সরল, দৃঢ় আর চুপচাপ।

সূত্র: এল পাইস

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au