বাংলাদেশ

হাতিয়ায় বিএনপি ও এনসিপির দফায় দফায় সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

  • 2:10 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:২৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় সংঘর্ষ চলে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের নিরাপত্তায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়িঘর পরিদর্শনে যান এমপি আবদুল হান্নান মাসউদ। প্রকল্প বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে ফেরার পথে তার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এতে তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থক ও বিরোধী পক্ষের নেতাকর্মীরা এলাকায় জড়ো হন। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে সড়ক অবরোধ ও বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষের এক পর্যায়ে এমপি হান্নান মাসউদ সড়কে অবস্থান নিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা বলেন, কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং বাজার এলাকার বিভিন্ন স্থানে ভাঙচুর হয়।

উভয় পক্ষের দাবি অনুযায়ী, হাতিয়া থানা পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ ও উপপরিদর্শক শহীদুল ইসলাম আহত হয়েছেন। এছাড়া বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমপি আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন শেষে ফেরার পথে স্থানীয় বেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে পরিকল্পিত হামলা চালানো হয়। তিনি জড়িতদের গ্রেপ্তার ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

অন্যদিকে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, প্রকল্প বাজারে এমপি উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর তার দলের কর্মীরা প্রথমে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। পরে ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তোলে, সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। বর্তমানে এলাকা নিয়ন্ত্রণে থাকলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au