বাংলাদেশ

হাইকোর্টে জামিন পেলেন দিপু হত্যা মামলার অন্যতম আসামি মাসুম

  • 5:01 pm - April 15, 2026
  • পঠিত হয়েছে:৩২৩ বার
হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ এপ্রিল- ময়মনসিংহের ভালুকায় সংঘটিত বহুল আলোচিত দিপু চন্দ্র দাস হত্যা মামলায় অন্যতম আসামি মো. মাসুম হাইকোর্ট থেকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। চলতি বছরের ৬ এপ্রিল হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ জামিন আদেশ দেন। পরে ১৩ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জামিননামা ইস্যু করা হয়। আলোচিত এই মামলার আসামির দ্রুত জামিন পাওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এবং বিচারপতি সৈয়দ হাসান জোবায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারার আওতায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মো. মাসুমকে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, জামিনপ্রাপ্ত মো. মাসুম খালাসী মাদারীপুর জেলার শিবচর থানার বাহাদুরপুর গ্রামের মো. চাঁন মিয়া খালাসীর ছেলে। তিনি গত বছরের ১৯ ডিসেম্বর ভালুকা মডেল থানায় দায়ের করা দিপু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

এ মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ৩০২, ২০১, ২৯৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে হত্যাকাণ্ড, দাঙ্গা-হাঙ্গামা এবং লাশ গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

হাইকোর্টের আদেশের পর ১৩ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই হাজার টাকার মুচলেকায় জামিননামা গ্রহণ করে তার মুক্তির আদেশ দেন। স্থানীয় জামিনদার হিসেবে স্বাক্ষর করেন আসামির পিতা মো. চাঁন মিয়া খালাসী।

পুলিশ সূত্র জানায়, আলোচিত এই হত্যাকাণ্ডটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা তদন্ত করছে। এ পর্যন্ত মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে জামিন পাওয়া মো. মাসুমও হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমন একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামির দ্রুত জামিন পাওয়াকে কেন্দ্র করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, দীর্ঘ সময় ধরে তদন্ত ও অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করার পর এভাবে জামিন পাওয়া বিচারপ্রক্রিয়ার ওপর প্রভাব ফেলতে পারে এবং অন্যান্য আসামিরাও একইভাবে আইনি সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে।

নিহতের পরিবারের পক্ষ থেকেও জামিন আদেশ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

দিপু চন্দ্র দাসের ভাই অপু রবি দাস বলেন, একজন আসামি যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তার এভাবে জামিন পাওয়া অত্যন্ত হতাশাজনক। এতে সাধারণ মানুষের বিচার পাওয়ার আস্থা কমে যায়। তিনি এই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় কর্মচারীদের উত্তেজিত করে দিপু চন্দ্র দাসকে পদত্যাগে চাপ দেওয়া এবং পরবর্তীতে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au