বাংলাদেশ

আত্মহত্যার দায় কি কেবল একজন শিক্ষকের?

একটি আত্মহত্যা : দোষ প্রমাণের আগেই দণ্ডিত কি শিক্ষক?

  • 5:31 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার
সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী-বিতর্কিত গ্রেফতারের কেন্দ্রে, ন্যায়সংগত প্রক্রিয়া ও সুষ্ঠু তদন্তের দাবি জোরালো হচ্ছে। । ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ৩ মে:  একজন তরুণ শিক্ষার্থীর মৃত্যু সব সময়ই গভীরভাবে হৃদয়বিদারক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যা এবং পরবর্তীতে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে ‘আত্মহত্যায় প্ররোচনা’ (ধারা ৩০৬) মামলায় গ্রেফতার—পুরো ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার এই অকাল মৃত্যু শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং এটি সমাজ, পরিবার এবং শিক্ষা ব্যবস্থার নানা জটিল বাস্তবতাকেও সামনে নিয়ে এসেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ধরনের খবর ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে—কিছু তথ্যনির্ভর, আবার কিছু স্পষ্টতই অতিরঞ্জিত বা মুখরোচক। একই সঙ্গে অনেক সচেতন ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন।

দেশের ভেতর থেকে প্রবাস পর্যন্ত, শ্রেণিকক্ষ থেকে সামাজিক পরিসর—সবখানেই এখন এই ঘটনাকে ঘিরে চলছে তীব্র বিতর্ক। দোষ-দায় নির্ধারণ, ন্যায়বিচারের প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং উচ্চশিক্ষার সাংস্কৃতিক পরিবেশ—সবকিছুই নতুন করে আলোচনায় উঠে এসেছে।

সুদীপ চক্রবর্তীর তদন্তে নিরপেক্ষতা ও আইনি অধিকার রক্ষার আহ্বান

সুদীপ চক্রবর্তীকে পুলিশি হেফাজতে নেওয়ার দৃশ্যটি অনেকের কাছেই গ্রহণযোগ্য নয়। পরবর্তীতে মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন বুধবার আদালতে তার রিমান্ডের আবেদন করেছেন। কিন্তু এই রিমান্ডের প্রয়োজনীয়তা কতটুকু- এ নিয়েই প্রশ্ন উঠেছে আইনজীবী, শিক্ষাবিদ ও সাধারণ মহলে। প্রশ্ন থেকেই যায়-প্রাথমিক তদন্তে যা প্রমাণ পাওয়ার কথা, তা কি এতটুকুই যে, তিন দিনের রিমান্ড ছাড়া তদন্ত এগোবে না? বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে এই কারণে যে, সুদীপ চক্রবর্তী ইতোমধ্যে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন, যা প্রত্যাখ্যান করা হয়েছে । তার আইনজীবীরা দাবি করেছেন, তিনি একজন সম্মানিত শিক্ষক এবং ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই, বরং তাকে হয়রানির জন্যই এই মামলা করা হয়েছে । অন্যদিকে রাষ্ট্রপক্ষ যুক্তি দেখিয়েছে, প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আটক প্রয়োজন।

এই রিমান্ড আবেদনের সময়সীমাও বেশ কৌতূহল সৃষ্টি করেছে। বুধবার আবেদন করার পর রবিবার শুনানির দিন ধার্য করা হয়েছে । এর মধ্যে আসলে কী ঘটবে? কেন এত তাড়াহুড়ো করে রিমান্ডের আবেদন আনা হলো, অথচ শুনানি হচ্ছে তিন দিন পর? 

কানাডা প্রবাসী ছড়াকার ও সাংবাদিক বশির আহমদ জুয়েল, যিনি নিজেও নবীগঞ্জ জে. কে. উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সুদীপ চক্রবর্তীকে কেবল সিলেট বিভাগের গর্বই নন, একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবেও দেখেন। তার লেখা এক মতামতে জুয়েল দাবি করেন, এই গ্রেফতার বাংলাদেশে ক্রমবর্ধমান একটি ভয়ংকর সংস্কৃতির লক্ষণ-যেখানে অভিযোগ উঠলেই গ্রেফতার ও জনহেনস্তা করা হয় এবং ‘দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ’ এই মৌলিক আইনি নীতিকে পদদলিত করা হয়।

জুয়েল সুদীপ চক্রবর্তীর দীর্ঘ গবেষণা, শিক্ষকতা ও সংস্কৃতিচর্চার ইতিহাসের প্রতি ইঙ্গিত করে বলেন, শান্ত-স্বভাবের এই জ্ঞানতাপসের প্রতি আরও আইনসম্মত ও মর্যাদাপূর্ণ আচরণ করা উচিত। তার মতে, শিক্ষার্থী ও সহকর্মীদের বিস্ময় ও উদ্বেগই প্রমাণ করে যে এই অভিযোগটি স্বাভাবিক নয়। জুয়েল দৃঢ়ভাবে দাবি জানান, সুদীপ চক্রবর্তীকে যেন কোনোভাবে হয়রানি বা অপমান করা না হয়। একটি নিরপেক্ষ ও পেশাদার তদন্ত হোক। তিনি সতর্ক করে বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেফতার ও অপমানজনক আচরণ যে ‘কালচার’ হয়ে দাঁড়িয়েছে, রাষ্ট্রকে সেই প্রবণতা থেকে সরে আসতে হবে, নতুবা সভ্য সমাজের ভিত্তিই নড়ে যাবে।

দোষারোপের ঊর্ধ্বে: মানসিক স্বাস্থ্য ও সামাজিক কাঠামো:

আরেকজন প্রথিতযশা লেখক ফজিলাতুন নেসা শাপলা সমাজের নিজের আয়নার দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন। শাপলা মনে করেন, সুদীপ চক্রবর্তীকে কাঠগড়ায় তোলার এই তাড়াহুড়ো একধরনের ‘সোশ্যাল ট্রায়াল’, যা নির্দোষ প্রমাণিত হলে একজন মানুষকে মৃত্যুর স্বাদ দিতে পারে। তিনি আত্মহত্যার মানসিক ও সামাজিক প্রেক্ষাপট বোঝার পক্ষে যুক্তি দেন। আত্মহত্যা সাধারণত কোনো একক ঘটনার ফল নয়; এটি দীর্ঘদিনের জমে থাকা মানসিক অস্থিরতার চূড়ান্ত পরিণতি।

শাপলা কিছু প্রশ্ন তোলেন। মিমো কি আগে থেকেই মানসিক সংকটে ভুগছিলেন? সমাজের বিবেচনায় নিজের সম্পর্কের টানাপড়েন নিয়ে তিনি কি খোলাখুলি কথা বলতে পেরেছিলেন? পরিবার ও বন্ধুদের কাছে লোকলজ্জার ভয়ে তিনি কি নীরবেই ভুগেছেন? শাপলার মতে, কেবল একজনকে ‘ভিলেন’ বানিয়ে দায় শেষ না করে আমাদের নিজেদের ব্যর্থতা খতিয়ে দেখা জরুরি-মানসিক স্বাস্থ্যসেবার অভাব, নিরাপদ আশ্রয়ের ঘাটতি এবং সমাজের বিচারপ্রবণ মনোভাব। তিনি শিক্ষকের মানসিক অবস্থার প্রতিও সহানুভূতির আহ্বান জানান। যদি সুদীপই সেই সম্পর্কের সঙ্গী হন, তাহলে তিনিও এক বড় ধরনের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। শাপলা মনে করেন, প্ররোচনার অকাট্য প্রমাণ থাকলে আইন তার কাজ করবে, কিন্তু সামাজিক বিচারের নামে কারও চরিত্রহনন ও বলির পাঁঠা বানানোর সংস্কৃতি বন্ধ না হলে প্রকৃত ন্যায়বিচার কখনো আসবে না।

বিভাগের স্বজনপ্রীতি, ক্ষমতার দাপট ও পুরোনো সিন্ডিকেটের ছায়া:

মিমোর মৃত্যুকে ঘিরে সবচেয়ে চাঞ্চল্যকর ও ভিন্নমাত্রার তথ্য উঠে এসেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অভ্যন্তরীন সূত্র থেকে। লেখক শিতাংশু ভৌমিক অংকুরের প্রতিবেদন এবং ওই বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, মিমোর আত্মহত্যা একটি বিভাগের ভেতরকার গুমোট পরিবেশ, ক্ষমতার দাপট ও নিপীড়নের কালো অধ্যায়কে উন্মোচিত করেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান এবং বিভাগে বহাল থাকা এক পুরোনো ‘সিন্ডিকেট’।

শিক্ষার্থীরা জানান, ২০২২ সালে এক মিডটার্ম পরীক্ষায় প্রশ্নফাঁসের একটি ঘটনা ঘটে। পরীক্ষার কক্ষ থেকে উদ্ধার হয় নাসরিন সুলতানা অণু নামের এক শিক্ষার্থীর খাতা। আশ্চর্যজনকভাবে, প্রশ্নপত্র পাওয়ার আগেই উত্তরগুলো খাতায় হুবহু লিখে রাখা ছিল। অভিযোগ ওঠে যে শিক্ষক তানভীর নাহিদ খানের সঙ্গে অণুর ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল এবং তিনি তাকে অনৈতিক সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। এক প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক ওবায়দুর রহমান সোহান জানান, শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করে, তখন প্রথমে বিষয়টি চাপাচাপি করা হলেও প্রমাণের মুখে তানভীর নাহিদ খানকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয় এবং অণুকে ওই কোর্সে শূন্য দেওয়া হয়। কিন্তু শেষ ফলাফলে অণু শীর্ষস্থান ধরে রাখেন-যা শিক্ষার্থীদের কাছে বড় প্রশ্ন।

শিক্ষার্থীরা দাবি করেন, সম্প্রতি এক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতম ও প্রথম শ্রেণিতে প্রথম হওয়া শিক্ষার্থীদের উপেক্ষা করে তানভীর নাহিদ খান অণুকে সুপারিশ করেন। বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা প্রশ্নফাঁসের ঘটনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা বললেও প্রশ্ন থেকে যায়-এত বড় অনিয়মের পরেও ওই শিক্ষক কীভাবে নিয়োগ বোর্ডে প্রভাব খাটানোর সুযোগ পেলেন?

শিক্ষার্থীদের মতে, এই  বীজ বপন করেছিলেন ২০১৪ সালে যৌন হয়রানির দায়ে স্থায়ী বহিষ্কৃত অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। যদিও তিনি সম্প্রতি আদালতের রায়ে ফিরতে চেয়েছিলেন, শিক্ষার্থীদের বাধায় তা সম্ভব হয়নি। কিন্তু তার তৈরি সিন্ডিকেট আজও প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সক্রিয়। বিভাগে এক ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়, নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে ‘টার্গেট’ করে শিক্ষক বানানোর আয়োজন চলছে, আর বাকি মেধাবীরা উপেক্ষিত হচ্ছেন। সাবেক এক শিক্ষার্থী অনিকা (ছদ্মনাম) দাবি করেন, তানভীর নাহিদ খান ও অণুর সম্পর্ক তাদের ব্যাচের ‘ওপেন সিক্রেট’ ছিল।

অভিযুক্ত শিক্ষার্থী নাসরিন সুলতানা অণু অবশ্য সব অভিযোগকে ‘ঈর্ষাপ্রসূত’ ও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তিনি মেধার গুণেই গোল্ড মেডেল পেয়েছেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য, শিল্পকলার এই পাঠশালা যদি অনৈতিক সম্পর্ক ও স্বজনপ্রীতির ফ্লাটে পরিণত হয়, তবে মিমোদের মতো আরও অনেক মেধা অকালে ঝরে পড়বে।

ফাঁস হওয়া অডিও নতুন তথ্য: 

মুনিরা মাহজাবিন মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এবং পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় বসবাস করতেন। তার মৃত্যু ঘিরে গুঞ্জন ও পাল্টা অভিযোগের ভেতর দিয়ে ধীরে ধীরে সামনে আসছে কিছু নতুন তথ্য, যা ঘটনাটিকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলছে।

মুনিরা মাহজাবিন মিমো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একটি ফাঁস হওয়া অডিওতে মিমোর মায়ের সঙ্গে তার এক বান্ধবীর কথোপকথন বিশ্লেষণে ধারণা পাওয়া যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। সেই আলাপে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিতও উঠে আসে। জানা যায়, মিমো একাধিকবার কাউন্সেলিংয়ের চেষ্টা করলেও তা নিয়মিত চালিয়ে যাননি। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তার জীবনে অস্থিরতা ছিল বলে দাবি করা হচ্ছে, যা পরিবারে মাঝেমধ্যে বিরোধের সৃষ্টি করত।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি থেকেই যায়—যেদিন মিমো মারা যান, সেদিন কোনো পারিবারিক কলহ বা মানসিক চাপ কি এই ঘটনার পেছনে ভূমিকা রেখেছিল? এর উত্তর একমাত্র নিরপেক্ষ ও গভীর তদন্তের মাধ্যমেই জানা সম্ভব। তবে এসব তথ্য ইঙ্গিত দেয়, আত্মহত্যার মতো একটি জটিল ঘটনার পেছনে একাধিক কারণ কাজ করতে পারে; একে শুধুমাত্র একক ব্যক্তির ওপর দায় চাপিয়ে দেখলে বাস্তবতার পূর্ণ চিত্র অধরাই থেকে যেতে পারে।

অন্যদিকে, সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর পরিবারকে ঘিরে সামাজিক মাধ্যমে যে ধরনের ব্যক্তিগত আক্রমণ ও হেয় প্রতিপন্ন করার প্রবণতা দেখা যাচ্ছে, তা নৈতিকতা ও আইনের দৃষ্টিতে অত্যন্ত উদ্বেগজনক। ওটিএন বাংলার অনুসন্ধানে জানা গেছে, সুদীপ তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি স্বাভাবিক পারিবারিক জীবনযাপন করছিলেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্টাডিজ বিভাগে একটি প্রভাবশালী মহল তার পেশাগত সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে—এমন অভিযোগও সামনে এসেছে। যদি এই অভিযোগের সত্যতা থাকে, তবে তা কেবল ব্যক্তিগত নয়, পুরো একাডেমিক পরিবেশের জন্যই গুরুতর সংকেত বহন করে।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে—সুদীপ চক্রবর্তী কি কোনো গভীরতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা ঈর্ষার শিকার? তার বিরুদ্ধে রিমান্ডের প্রয়োজনীয়তা কতটা যৌক্তিক?

সব মিলিয়ে, এই ঘটনাটি একমাত্রিক নয়; বরং এর গভীরে রয়েছে বহুমাত্রিক সামাজিক, মানসিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতা। তাই প্রয়োজন একটি নিরপেক্ষ, পেশাদার এবং প্রমাণনির্ভর তদন্ত—যেখানে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আনীত প্ররোচনার অভিযোগ যেমন যাচাই করা হবে, তেমনি মিমোর মানসিক স্বাস্থ্য ও পারিবারিক প্রেক্ষাপটও সমান গুরুত্ব পাবে।

-OTN Bangla

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au