বিশ্ব

হোয়াইট হাউসে ইউএফসি অনুষ্ঠানে ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ, পাঁচজন আটক: এফবিআই

  • 5:28 pm - June 17, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজিত একটি বড় অনুষ্ঠানে বিস্ফোরকভর্তি ড্রোন ও স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গত সপ্তাহের শেষে অনুষ্ঠিত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) ঘিরে এই সম্ভাব্য হামলার ছক ধরা পড়ে এবং পরে অভিযান চালিয়ে পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার আদালতের নথির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

এফবিআই ও আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা হোয়াইট হাউসের উত্তর পাশে বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী, ড্রোন হামলার মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নির্দিষ্ট একটি বের হওয়ার পথে ঠেলে দেওয়ার কথা ছিল। এরপর সেই সংকীর্ণ পথ ব্যবহার করে বের হওয়ার সময় রাজনীতিবিদ ও অন্যান্য উপস্থিতদের ওপর স্নাইপার দিয়ে গুলি চালানোর পরিকল্পনাও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনের অংশ হিসেবে হোয়াইট হাউসের লনে ইউএফসি আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ৮০তম জন্মদিনে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শীর্ষ রিপাবলিকান নেতা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অনুদানদাতারা। তবে কোনো ধরনের হামলা ছাড়াই অনুষ্ঠানটি শেষ হয়।

আদালতের নথিতে আরও বলা হয়, আটক পাঁচজনের মধ্যে অন্তত তিনজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র-সংক্রান্ত গুরুতর অভিযোগও রয়েছে। কর্তৃপক্ষের ধারণা, এই নেটওয়ার্কে মোটামুটি ২৩ জন পর্যন্ত জড়িত থাকতে পারে।

তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সরকারবিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করতেন। বিশেষ করে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত ফাইল ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ এবং ক্ষোভ তাদের উগ্র কর্মকাণ্ডের দিকে ঠেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে, তাদের মধ্যে একজন এমন আইনপ্রণেতাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা নিয়ে আগ্রহ দেখান, যারা ইসরায়েলপন্থী রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে নির্বাচনী অনুদান পেয়েছেন।

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, ১০ জুন ওয়াশিংটন ডিসিতে ইউএফসি আমেরিকা ২৫০ অনুষ্ঠানকে ঘিরে সম্ভাব্য হুমকির তথ্য পাওয়া যায়। তার ভাষায়, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের বাইরে থাকা কয়েকজন ব্যক্তি এ পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।

এফবিআই জানায়, অভিযুক্তদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সরাসরি হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বাকিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্ত্র সংক্রান্ত অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের কেউই এখন পর্যন্ত আদালতে দোষ স্বীকার বা অস্বীকার করেননি এবং তাদের আইনজীবীদের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তদন্তে আরও জানা যায়, ওহাইও অঙ্গরাজ্যে স্থানীয় পুলিশের কাছে এক মায়ের ফোনকলের মাধ্যমে পুরো ষড়যন্ত্রের সূত্রপাত হয়। ওই মা জানান, তার ১৯ বছর বয়সী ছেলে টাইসেন প্রপার একাধিক আগ্নেয়াস্ত্র কিনেছে এবং অনলাইনে সন্দেহভাজন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে।

পরে এফবিআই-এর হলফনামায় বলা হয়, টাইসেন প্রপার নিজেই তদন্তকারীদের কাছে স্বীকার করেন যে ইউএফসি অনুষ্ঠানে সমন্বিত হামলার পরিকল্পনা সম্পর্কে তিনি অবগত ছিলেন।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, এই পরিকল্পিত হামলার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না।

এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো উগ্র ব্যক্তির কাজ নয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ধরনের বড় পরিসরের হামলা পরিকল্পনার পেছনে অর্থায়ন ও সমন্বয়ের বিষয় থাকতে পারে, যা তদন্তের আওতায় আনা হচ্ছে।

তার ভাষায়, এটি শুধু কয়েকজন উগ্র মানুষের কাজ নয়, বরং সুপরিকল্পিত ও সংগঠিত একটি ষড়যন্ত্র ছিল বলে তারা মনে করছেন।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

৩২ কেজির ‘কামানের গোলা’ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ, বেইজিংয়ের দাবি মদের বোতল

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক বস্তু ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক বাগ্‌যুদ্ধ। চীনের তৈরি বলে ধারণা করা…

শ্রমিক আন্দোলন ঘিরে বাংলাদেশে ফের ক্ষমতার পালাবদলের আশঙ্কা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা উঠে এসেছে নর্থইস্ট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে।…

নেতানিয়াহুর জোটে ভাঙন, রোববার সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববারের মধ্যে একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা ও সাবেক…

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা…

ইতালীয় প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফর, ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগে নতুন করে আলোচনা

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ইউরোপীয় নির্মিত বহুমুখী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফরকে কেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au