বাংলাদেশ

তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে ঢাকা-বেইজিংয়ের ঐকমত্য

  • 6:58 pm - June 25, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা, গবেষণা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের বৈঠকে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নদীনির্ভর অর্থনীতি, বন্যা ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বন্যার ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন নদী পুনঃখনন ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের কথা উল্লেখ করে এ প্রকল্পে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর উন্নয়ন, পানি প্রবাহ ব্যবস্থাপনা এবং টেকসই নদী শাসনে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহের কথাও জানান।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৫ সালে দুই দেশের মধ্যে পানিসম্পদ খাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। পাশাপাশি গত বছর চীনের বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরও দুই দেশের সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।

লি গোয়োইং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগিতা বাস্তবভিত্তিক এবং গবেষণানির্ভর। এ ধরনের অংশীদারত্ব দুই দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক সেচব্যবস্থা সম্প্রসারণ এবং নৌপথে যোগাযোগ ও বাণিজ্য সহজ করতে নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, বৃহৎ নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সম্পদের টেকসই ব্যবহারে চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ চাইলে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানিবিশেষজ্ঞ, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারেন।

বৈঠকের শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি বই তুলে দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পসহ নদীকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন উদ্যোগে চীনের সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, সেচব্যবস্থা আধুনিকীকরণ এবং নৌপথ উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au