বাংলাদেশ

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে বিভ্রান্তি, ভাইরাল তালিকাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের

  • 5:31 am - July 11, 2026
  • পঠিত হয়েছে:১০০ বার
ভাইরাল তালিকাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুলাই- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি মাগুরার শালিখা উপজেলার ৩২ শিক্ষার্থীর একটি উপবৃত্তির তালিকা ছড়িয়ে পড়ে। সেই তালিকা প্রকাশ করে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, উপবৃত্তির তালিকায় শুধু হিন্দু শিক্ষার্থীদের নাম রাখা হয়েছে এবং মুসলিম শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। কোথাও কোথাও আরও দাবি করা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মাগুরা-২ আসনের ৩৫ জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সবাই হিন্দু, সেখানে কোনো মুসলিম শিক্ষার্থী নেই।

তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি বিভ্রান্তিকর। ভাইরাল হওয়া তালিকাটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, বরং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য সরকারের একটি বিশেষ উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রস্তুত করা তালিকা।

মাগুরার শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী শুক্রবার (১০ জুলাই) বলেন, প্রতি বছরই একই ধরনের বিশেষ বরাদ্দ দেওয়া হয়। ভাইরাল হওয়া তথ্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, এই উপবৃত্তি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য। মাগুরা জেলার চারটি উপজেলাতেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে এবং তাদের জন্যই এ বরাদ্দ দেওয়া হয়।

এদিকে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ও বিষয়টি যাচাই করে জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া তথ্য বিভ্রান্তিকর। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া তালিকাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই কর্মসূচির মূল উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামের বাইরে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। এর আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র ও অসহায় পরিবার এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে শিক্ষা উপবৃত্তি, বসতঘর নির্মাণ, বাইসাইকেল, সেলাই মেশিনসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। জেলা ও উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে।

এদিকে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, হিন্দু হলেই কীভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বিবেচিত হয়।

এ বিষয়ে ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী একটি জাতিগত পরিচয়, ধর্মীয় পরিচয় নয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ হিন্দু, মুসলিম বা অন্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারেন। তিনি বলেন, শালিখা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা হিন্দু ধর্মাবলম্বী। এখানে মুসলিম ধর্মাবলম্বী কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী নেই। থাকলে তারাও একই কর্মসূচির আওতায় উপবৃত্তি পেতেন। এটি একটি বিশেষ বরাদ্দ, কোনো ধর্মভিত্তিক বৃত্তি নয়।

ইউএনও আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যে তালিকাটি ছড়ানো হয়েছে, সেটি অসম্পূর্ণ। সেখানে ৩২ জন শিক্ষার্থীর নাম থাকলেও প্রকৃত তালিকায় মোট ৬৪ জন শিক্ষার্থীর নাম রয়েছে। একই পরিবারের একাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীও তালিকাভুক্ত হয়েছেন এবং উপজেলার কোনো যোগ্য উপকারভোগীকে বাদ দেওয়া হয়নি।

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, মাগুরা জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মোট জনসংখ্যা ৮ হাজার ৫৪৮ জন, যা জেলার মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক ৮৩ শতাংশ। প্রশাসনের ভাষ্য, এই জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার প্রতিবছর বিশেষ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au