বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক প্রক্রিয়া শুরু, দায়িত্বে স্পিকার

  • 10:22 pm - July 24, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেলবোর্ন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানাতে বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ৪৮(১) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বর্তমান জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ হওয়ায় দলটির মনোনীত প্রার্থীরই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েক দিন ধরে আলোচনা হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থানরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ দুপুরে দেশে ফেরেন। গত ১৯ জুলাই তিনি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন এবং আগামী রোববার ফেরার কথা থাকলেও পরিস্থিতির কারণে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার তখন বলেছিলেন, তিনি দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে কিছু জানেন না। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেই পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেওয়া হবে এবং সে ক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।

গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছিল, তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এমনকি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদায়ের প্রস্তুতির বিষয়েও আলোচনা করেছিলেন বলে দাবি করা হয়।

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদ অনুযায়ী তাঁর দায়িত্ব ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পর থেকেই রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিতর্ক চলছিল। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হয়। শেষ পর্যন্ত তাঁর পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au