বাংলাদেশ

নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ

কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা

  • 5:31 am - August 05, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
কথিত জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে মারধর, স্বামীসহ পুলিশ হেফাজতে শান্তা ফারজানা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ আগষ্ট- রাজধানীতে মশাল মিছিলকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টা ধরে উত্তেজনা, হামলা-পাল্টা হামলা ও অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রমও একাধিকবার ব্যাহত হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত প্রায় ১১টা ১০ মিনিটে অতিরিক্ত পুলিশি নিরাপত্তায় আহত অবস্থায় শান্তা ফারজানা ও তাঁর স্বামী নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদীসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ হেফাজতে নেওয়া অন্যরা হলেন, দলের ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল এবং হরিদাস সরকার।

রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাব্বানী আহত ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, নিরাপত্তার স্বার্থে হাসপাতাল থেকে তাঁদের থানায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় হাসপাতাল থেকে বের করে নেওয়ার সময় নতুন ধারা বাংলাদেশের নেতা-কর্মীদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় হাসপাতালের বাইরে অবস্থান নেওয়া কয়েকজন বিক্ষোভকারী তাঁদের লক্ষ্য করে আবারও হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলাকালে রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন।

আহতরা চিকিৎসার জন্য রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখানে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম দেড় ঘণ্টার মতো বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে চালু হলেও নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আবারও চিকিৎসা সেবা ব্যাহত হয়। এ সময় চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

ঘটনার পর হাসপাতালের জরুরি বিভাগে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

হাসপাতালে আহত অবস্থায় শান্তা ফারজানা অভিযোগ করেন, জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ চলাকালে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাঁদের ওপর হামলা চালান। এতে তিনি, তাঁর স্বামী মোমিন মেহেদীসহ ছয়জন আহত হন।

তিনি আরও দাবি করেন, চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আসার পরও একই পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে তাঁর জামাকাপড় ছিঁড়ে যায় এবং তাঁরা জরুরি বিভাগের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ফলে চিকিৎসাও নিতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস অভিযোগ করেন, শান্তা ফারজানা ও তাঁর সহযোগীরা শহীদ আবু সাঈদকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেন। এর প্রতিবাদ করলে নতুন ধারা বাংলাদেশের ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালান। পরে আহত অবস্থায় হাসপাতালে গেলে সেখানেও তাঁদের ওপর হামলার চেষ্টা করা হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে মঞ্চ-২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, শহীদ আবু সাঈদ, প্রধানমন্ত্রীর তারেক রহমান এবং ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে তাঁরা অবস্থান নিয়েছেন। তবে প্রশাসনকে সহযোগিতা করেই কর্মসূচি পালন করা হবে বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তা ফারজানা ও তাঁর দলের কয়েকজন নেতা রক্তাক্ত অবস্থায় জরুরি বিভাগে অবস্থান করছিলেন। অপরদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য আ ন ম আয়াসও আহত ছিলেন। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় হাসপাতাল এলাকায় কয়েক ঘণ্টা ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। তবে সংঘর্ষের কারণ, হামলার অভিযোগ এবং হাসপাতালের ভেতরে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

এই শাখার আরও খবর

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: জয়

মেলবোর্ন,  ৫ আগষ্ট: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংবাদ সম্মেলন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ…

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

মেলবোর্ন, ৫ আগস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড…

এক দিনে হাসপাতালে ভর্তি ৫৩০ ডেঙ্গু রোগী, আক্রান্ত ছাড়াল ১৭ হাজার

মেলবোর্ন, ৫ আগস্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে রোগটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।…

ইনফান্তিনোর সমর্থন প্রত্যাহারের ভাবনায় কনকাকাফের ৪১ সদস্য দেশ

মেলবোর্ন, ৫ আগস্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ আরও বাড়ছে। ইউরোপীয় ফুটবল সংস্থার (উয়েফা) পর এবার উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয়…

দীর্ঘ লোডশেডিংয়ে অন্ধকারে বাংলাদেশ, ভুতুড়ে বিদ্যুত বিলে অতিষ্ঠ গ্রাহক

মেলবোর্ন, ৫ আগষ্ট- দেশজুড়ে জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দীর্ঘ লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। মধ্যরাতের পরও দেশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা…

হরমুজ প্রণালি ইস্যুতে আশার আলো, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মেলবোর্ন, ৫ আগস্ট: হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত সমঝোতা হতে পারে- এমন আশাবাদী বার্তার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au