সর্বশেষ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ

  • 2:38 pm - August 06, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ আগষ্ট- আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী চিন্তার অন্যতম শ্রেষ্ঠ এই ব্যক্তিত্ব ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ (৭ আগস্ট ১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষা ছিল তাঁর প্রিয় ঋতু, আর সেই বর্ষার দিনেই চিরবিদায় নেন বাংলা ভাষা ও সাহিত্যের এই অনন্য স্রষ্টা।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবিই নন, তিনি ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সংগীতস্রষ্টা, চিত্রশিল্পী, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক। মাত্র আট বছর বয়সে লেখালেখি শুরু করে তিনি বাংলা সাহিত্যকে এমন এক উচ্চতায় নিয়ে যান, যা বিশ্বসাহিত্যে বাঙালির মর্যাদাকে নতুন পরিচয় দেয়। কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, শিশুসাহিত্য থেকে শুরু করে সংগীত ও চিত্রকলায় তাঁর সৃজনশীলতার স্বাক্ষর আজও সমানভাবে উজ্জ্বল।

১৯১৩ সালে তাঁর কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ। তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। তাঁর এই অর্জনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিশ্বদরবারে বিশেষ মর্যাদা লাভ করে।

রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শনের মূলভিত্তি ছিল মানবতা, স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা এবং প্রকৃতিপ্রেম। তাঁর রচিত হাজারো গান আজও বাঙালির সুখ-দুঃখ, প্রেম-বিরহ ও দেশপ্রেমের অনুভূতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ এবং ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ তাঁরই সৃষ্টি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তাঁর গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছিল।

শিক্ষা ও সমাজ সংস্কারেও রবীন্দ্রনাথের অবদান অনন্য। তিনি নতুন শিক্ষাদর্শের ভিত্তিতে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষিঋণ ব্যবস্থা চালু এবং পল্লী উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দেওয়া ‘নাইট’ উপাধি প্রত্যাখ্যান করে তিনি বিশ্বজুড়ে মানবিক প্রতিবাদের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর ১৫ সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন ১৪তম। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (৭ মে ১৮৬১) কলকাতার জোড়াসাঁকোর ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারে তাঁর জন্ম। সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চায় সমৃদ্ধ পারিবারিক পরিবেশ তাঁর সৃষ্টিশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীকালে বাংলার নদী-নালা, প্রকৃতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে প্রত্যক্ষ পরিচয় তাঁর সাহিত্যকে আরও গভীর ও জীবনঘনিষ্ঠ করে তোলে।

রবীন্দ্রনাথের প্রয়াণের আট দশকেরও বেশি সময় পরও তাঁর সাহিত্য, দর্শন ও মানবমুক্তির বাণী সমানভাবে প্রাসঙ্গিক। তাঁরই ভাষায়, “শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?”। দেহের অবসান হলেও তাঁর চিন্তা, সৃজনশক্তি এবং মানবতার বার্তা আজও নতুন প্রজন্মকে আলোকিত করছে।

বিশ্বকবির ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে গীতিনাট্য ‘শ্যামা’ মঞ্চস্থ করবে ছায়ানট। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

প্রয়াণবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই চিরন্তন আলোকবর্তিকাকে। তাঁর অমর সৃষ্টি ও মানবতার বাণী যুগে যুগে বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au