বিশ্ব

আর্জেন্টিনার জার্সিতে মেসির ক্যারিয়ারের ছয় স্মরণীয় অধ্যায়

  • 5:56 pm - September 01, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
আর্জেন্টিনার জার্সিতে মেসির ক্যারিয়ারের ছয় স্মরণীয় অধ্যায়।

দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন লিওনেল মেসি। ২০৭টি আন্তর্জাতিক ম্যাচে ১২৫ গোলের সমৃদ্ধ ক্যারিয়ারের পর সোমবার (৩১ আগস্ট) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। দেশের জার্সিতে তার পথচলায় যেমন ছিল হতাশা ও কষ্ট, তেমনি এসেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার মতো বড় শিরোপা। আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ছয়টি স্মরণীয় ঘটনা তুলে ধরা হলো।

অশুভ অভিষেক

২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেক হয় মেসির। বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার অভিযোগে লাল কার্ড দেখেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা যে এতটা হতাশাজনক হবে, তা মেসি নিজেও হয়তো ভাবেননি।

তবে পরের বছরই বিশ্বকাপে নিজের জাত চিনিয়ে দেন তিনি। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনিগ্রোর বিপক্ষে ৬-০ গোলের জয়ে একটি গোল করেন মেসি। এর মধ্য দিয়েই বিশ্বকাপের মঞ্চে তার স্মরণীয় পথচলা শুরু হয়।

২০১৪ সালে প্রথম বিশ্বকাপ ফাইনাল

২০১৪ সালের বিশ্বকাপে মেসি আর্জেন্টিনাকে নিয়ে যান ফাইনালে। এর আগে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০০৭ সালের কোপা আমেরিকার ফাইনালেও ব্রাজিলের কাছে হেরেছিল দলটি।

ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে অধিনায়ক মেসি দুর্দান্ত শুরু করেন। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচেই গোল করেন তিনি। পরবর্তী ম্যাচগুলোতে গোল না পেলেও তার নেতৃত্বে আর্জেন্টিনা দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠে। তবে মারাকানা স্টেডিয়ামের ফাইনালে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।

২০১৬ সালে ভেঙে পড়েছিলেন মেসি

২০১৪ সালের বিশ্বকাপের পর ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনালেও চিলির কাছে টাইব্রেকারে হারে আর্জেন্টিনা। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকা সেন্টেনারিওতে আবারও ফাইনালে ওঠে দলটি। প্রতিপক্ষ ছিল সেই চিলি।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আবারও টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। সবচেয়ে বড় হতাশা আসে মেসির নিজের পেনাল্টি মিস থেকে। টানা ফাইনাল হারের হতাশায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি ঘোষণা দেন, জাতীয় দলের হয়ে আর খেলবেন না। তবে মাত্র ছয় সপ্তাহ পর সেই সিদ্ধান্ত বদলে আবার আর্জেন্টিনার জার্সিতে ফেরেন তিনি।

অবশেষে প্রথম বড় শিরোপা

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২১ সালে। লিওনেল স্কালোনির কোচিংয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদেরই মাটিতে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল দি মারিয়া।

দীর্ঘ ২৮ বছর পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা। মেসির জন্যও এটি ছিল জাতীয় দলের হয়ে প্রথম বড় ট্রফি। বহু বছরের ব্যর্থতা ও ফাইনালে হারের হতাশার পর এই শিরোপা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

কাতারে বিশ্বজয়ের স্বপ্ন পূরণ

২০২২ সালের কাতার বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। ৩৫ বছর বয়সে এসে তিনি পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করেন। সাত ম্যাচে সাত গোলের পাশাপাশি করেন তিনটি অ্যাসিস্ট।

ফ্রান্সের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করেন মেসি। পরে টাইব্রেকারে নিজের শটও জালে জড়িয়ে দেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে নেয়। ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে দলটি। বিশ্বজয়ের পর মেসি জানিয়েছিলেন, এভাবেই ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন তিনি এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না।

শেষ বিশ্বকাপে ফাইনাল হারের বেদনা

২০২৪ সালের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে আরও একটি শিরোপা এনে দেওয়ার পর মেসি ২০২৬ সালের বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন। বয়স নিয়ে নানা প্রশ্ন থাকলেও মাঠে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। প্রথম পাঁচ ম্যাচেই আট গোল করে দলকে ফাইনালে তোলেন তিনি।

এবারের বিশ্বকাপে মেসি নতুন ইতিহাসও গড়েন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৪টি ম্যাচ খেলার রেকর্ড গড়ার পাশাপাশি মোট ২১টি গোল করেন। তিনটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে খেলা ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড়ও হন তিনি।

তবে ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হেরে যায় আর্জেন্টিনা। এরপর ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ ও ১২৫ গোলের দীর্ঘ ক্যারিয়ার শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। বিশ্বকাপ জয়, কোপা আমেরিকার শিরোপা, অসংখ্য রেকর্ড এবং দীর্ঘ অপেক্ষার পর পাওয়া সাফল্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ার হয়ে থাকল এক অনন্য অধ্যায়।

এই শাখার আরও খবর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায়েও বাধা: আমরা কোন বাংলাদেশের পথে?

​বাংলাদেশের স্বাধীনতা কোনো আকস্মিক প্রাপ্তি নয়। লাখো শহীদের আত্মত্যাগ, অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানি এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমি। ১৯৭১…

আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর দাবি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা

বাংলাদেশে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নতুন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছে…

ক্ষতসহ দীর্ঘ সময় জীবিত ছিলেন সাগর-রুনি, ১৪ বছরেও শনাক্ত হয়নি দুই অজ্ঞাত ব্যক্তির ডিএনএ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৪ বছর পরও অপরাধী শনাক্ত ও হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি তদন্তকারী সংস্থা। ঘটনাস্থলে পাওয়া দুই অজ্ঞাতনামা…

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au