অস্ট্রেলিয়া

জেসি বেয়ার্ড বিউ লামারে-কনডনকে নিয়ে ‘ভীত ও আতঙ্কিত’ ছিলেন, আদালতে জানালেন বোন

  • 8:21 pm - September 22, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে বিউ লামারে-কনডনের শিল্পীর আঁকা স্কেচ। শিল্পী: রোকো ফাজ্জারি

অস্ট্রেলিয়ার টেলিভিশন উপস্থাপক জেসি বেয়ার্ড তাঁর মৃত্যুর কয়েক মাস আগে সাবেক প্রেমিক ও পুলিশ কর্মকর্তা বিউ লামারে-কনডনের আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এমনকি তিনি লামারে-কনডনকে নিয়ে ‘ভীত ও আতঙ্কিত’ ছিলেন বলে আদালতে জানিয়েছেন তাঁর বোন কোর্টনি বেয়ার্ড।

মঙ্গলবার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে জেসি বেয়ার্ড হত্যা মামলার দ্বিতীয় দিনের শুনানিতে তাঁর মা হেলেন বেয়ার্ড ও বোন কোর্টনি আবেগঘন সাক্ষ্য দেন।

৩১ বছর বয়সি পুলিশ কর্মকর্তা বিউ লামারে-কনডনের বিরুদ্ধে জেসি বেয়ার্ড ও তাঁর নতুন সঙ্গী লুক ডেভিসকে হত্যার অভিযোগ রয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আদালতে বলা হয়, ২০২২ ও ২০২৩ সালের দিকে অল্প সময়ের জন্য জেসির সঙ্গে লামারে-কনডনের সম্পর্ক ছিল। সম্পর্ক শেষ হওয়ার পরও লামারে-কনডনের আচরণ নিয়ে জেসি তাঁর পরিবারকে উদ্বেগের কথা জানিয়েছিলেন।

কোর্টনি বেয়ার্ড বলেন, জিমে থাকার সময়ও তাঁর ভাই লামারে-কনডনের কাছ থেকে বার্তা পেতেন।

তিনি আদালতে বলেন, “জেসি জিমে থাকত… লামারে-কনডন তাকে বার্তা পাঠিয়ে বলত, ‘আজ রাতে জিমে তোমাকে খুব ভালো লাগছিল।’”

“সে ভীত ছিল, সে আতঙ্কিত ছিল।”

অন্যদিকে, জেসির মা হেলেন বেয়ার্ড লুক ডেভিসের সঙ্গে ছেলের সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। আদালতকে তিনি জানান, ডেভিসের সঙ্গে তাঁর মাত্র একবার দেখা হয়েছিল। তবে ছেলের সঙ্গে ডেভিসের সম্পর্ক কতটা গভীর ছিল, তা তিনি বুঝতে পেরেছিলেন।

লামারে-কনডন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে লুক ডেভিস (বামে) ও জেসি বেয়ার্ডকে হত্যার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। ছবি: সংগৃহীত

হেলেন বলেন, “সম্পর্কটি তখন একেবারেই নতুন ছিল, কিন্তু তারা দুজনই একে অপরের প্রতি খুব আকৃষ্ট ছিল। তারা একসঙ্গে দারুণ ছিল।”

জেসি বেয়ার্ড এএফএলের গোল আম্পায়ার হিসেবেও কাজ করতেন। একবার পিঙ্কের একটি কনসার্টে লুক ডেভিসের সঙ্গে নিজের ছবি মাকে পাঠিয়ে তিনি লিখেছিলেন, “লুক আমার বয়ফ্রেন্ড।”

ছবিটি পাওয়ার পর হেলেন তাঁকে একটি বড় হৃদয়চিহ্ন পাঠিয়ে লিখেছিলেন, “তোমাদের দুজনের জন্য আমি খুব খুশি।”

কিন্তু এর দুই সপ্তাহেরও কম সময় পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জেসির প্যাডিংটনের বাড়িতে প্রবেশ করেন লামারে-কনডন। তাঁর কাছে ছিল পুলিশের পিস্তল এবং তিনি মোটরসাইকেলের হেলমেটসহ এমনভাবে ছদ্মবেশ নিয়েছিলেন, যাতে তাঁকে সহজে চেনা না যায়।

মামলার আসামিপক্ষের আইনজীবী জন স্ট্র্যাটন এসসি আদালতে বলেন, লামারে-কনডন সেখানে গিয়েছিলেন কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিতে। তিনি চাননি জেসি তাঁকে চিনতে পারেন।

পুলিশের নিয়ম অনুযায়ী পিস্তলটি গাড়িতে ফেলে যাওয়ার অনুমতি না থাকায় তিনি সেটি সঙ্গে নিয়েছিলেন বলে দাবি করেন আইনজীবী।

জেসি বেয়ার্ড ও লুক ডেভিসকে যেখানে হত্যা করা হয়েছে বলে অভিযোগ, সেই প্যাডিংটনের বাড়ি। ছবি: সরবরাহকৃত

আসামিপক্ষের বক্তব্য, রান্নাঘরে জেসিকে দেখতে পেয়ে লামারে-কনডন চমকে যান এবং এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় পুলিশের পিস্তল থেকে দুইবার গুলি বের হয় এবং একটি গুলি জেসির শরীরে লাগে।

আইনজীবীর দাবি, ছদ্মবেশের কারণে জেসি বুঝতে পারেননি যে ওই ব্যক্তি লামারে-কনডন।

ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তলটি ঘরের অন্য প্রান্তে ছিটকে পড়ে বলে আদালতে জানানো হয়।

এরপর ওই বাড়ি থেকে জরুরি নম্বর ‘ট্রিপল জিরো’তে একটি ফোন করা হয়। সোমবার আদালতে জানানো হয়, ফোনের অপর প্রান্তে থাকা অপারেটর একজনকে বলতে শুনেছিলেন, “বেরিয়ে যাও, দূর হও”, এরপর একটি গুলির শব্দ শোনা যায়।

প্রসিকিউশনের দাবি, গুলিবিদ্ধ হওয়ার কয়েক মুহূর্ত আগে লুক ডেভিস ওই ফোন করেছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবী বলেন, ফোনটি করেছিলেন লামারে-কনডন নিজেই।

আসামিপক্ষের ভাষ্য অনুযায়ী, এরপর ডেভিস একটি ছুরি হাতে শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি মেঝেতে পড়ে থাকা পিস্তলটি তুলে নেন এবং দ্বিতীয় দফায় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়।

স্ট্র্যাটন আদালতে বলেন, “কাউকে হত্যা করা বা কারও ক্ষতি করার কোনো পরিকল্পনা তাঁর ছিল না… তাঁর বক্তব্য হলো, ঘটনাটি আত্মরক্ষার্থে ঘটেছিল।”

লামারে-কনডনের আইনজীবী স্বীকার করেন, জেসির সঙ্গে তাঁর সম্পর্ক ২০২৩ সালের এপ্রিলে শেষ হওয়ার পর তিনি কিছু “বোকামিপূর্ণ কাজ” করেছিলেন।

আদালতে এর আগে বলা হয়েছে, জেসি ওই সম্পর্ককে লামারে-কনডনের তুলনায় অনেক বেশি হালকাভাবে দেখেছিলেন।

লামারে-কনডন তাঁর সাবেক সঙ্গীর ফোন দেখেছিলেন এবং সেখান থেকে কিছু যোগাযোগের তথ্য ও বার্তা মুছে দিয়েছিলেন, এ বিষয়টি তিনি অস্বীকার করেননি।

অভিযোগ রয়েছে, পুলিশ কর্মকর্তা হিসেবে নিজের অবস্থানের অপব্যবহার করে তিনি একটি পানশালার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছিলেন, যাতে জেসি কার সঙ্গে দেখা করছেন তা জানতে পারেন।

তবে আইনজীবী স্ট্র্যাটন দাবি করেন, প্যাডিংটনের বাড়িতে প্রাণঘাতী ঘটনার আগে লামারে-কনডনের আচরণকে হুমকিমূলক হিসেবে দেখার মতো যথেষ্ট প্রমাণ নেই।

মামলার শুনানির দ্বিতীয় দিনের শেষ দিকে প্রসিকিউটর ব্রেট হ্যাটফিল্ড এসসি দাবি করেন, বিচার শুরুর ঠিক আগে বাড়িটি পুনরায় পরীক্ষা করে গুরুত্বপূর্ণ একটি আলামত পাওয়া গেছে।

তিনি জানান, জুলাই মাসে ঘটনাস্থল পুনরায় পরীক্ষা করার সময় শোবার ঘরের দরজায় একটি গুলির চিহ্ন পাওয়া যায়। সেটি পুটি, নতুন রং এবং একটি স্টিক-অন হুক দিয়ে আড়াল করা ছিল বলে অভিযোগ করেন তিনি।

প্রসিকিউটর বলেন, “দরজার কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি ছোড়া হয়েছিল, আর দরজার অপর পাশে ছিলেন লুক ডেভিস।”

জেসি বেয়ার্ড ও লুক ডেভিসকে হত্যার অভিযোগে লামারে-কনডনের বিচার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে অব্যাহত রয়েছে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদন চীনের

সমুদ্রপৃষ্ঠের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। ইয়ুনান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিশ্বের প্রথম কার্যকর পানির নিচের সৌরবিদ্যুৎ ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করেছেন।…

মাঠের বাইরের সংকটে রুগ্ণ বাংলাদেশ নারী ক্রিকেট

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক ধরে রাখতে না পারার পেছনে শুধু ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা নয়, মাঠের বাইরের অস্থিরতাও বড় কারণ বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের…

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au