দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। রাজধানী ঢাকা থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরের এ এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ২।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলার শিবপুর এলাকায়।
ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে বহুতল ভবনে থাকা মানুষদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, চলতি বছরের ১৭ আগস্ট নরসিংদীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩। সে সময়ও এর উৎপত্তিস্থল ছিল শিবপুর।
এ ছাড়া গত ২২ জুন নরসিংদী ও আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নারায়ণগঞ্জ।
সাম্প্রতিক সময়ে নরসিংদীতে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। গত বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।