মিজানুর রহমান মিজান। ছবি : সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে মিজানুর রহমান মিজান (৩২) নামে এক জামায়াত নেতাকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ অভিযোগ করেন, ‘কানা নিজাম’-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল এ হামলা চালায়।
তিনি জানান, হামলাকারীরা মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর বুকের বাম পাশে বিদ্ধ হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মিজানকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হামলার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।