নেত্রকোনার মোহনগঞ্জে ঘটনাস্থলে পুলিশ। ছবি : সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জে সুজন পাল (৩৩) নামে এক হিন্দু যুবককে গুলি করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরশহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সুজনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, রোববার ভোরে ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে গেলে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আলিফ নিহত হন। রাত সোয়া ৮টার দিকে বাড়ির পাশের একটি দোকানে তাঁকে গুলি করা হয়।