বাংলাদেশ

সম্পাদকীয়

আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না। সেই সিদ্ধান্ত কি সরকার নেবে, নাকি জনগণ?

  • 1:54 pm - November 08, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
আওয়ামী লীগ। প্রতীকী ছবি

একটি রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেওয়া হবে কি-না, সেই সিদ্ধান্ত কি সরকার নেবে, নাকি জনগণ? গণতন্ত্রে এ প্রশ্নের উত্তর খুব সহজ ও সরল। জনগণই রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবে। নির্বাচনে ভোট দিয়ে মানুষ জানাবে, কাকে চায়, কাকে চায় না। আওয়ামী লীগের শাসনামলের অপরাধ, দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিচার হতেই পারে। সেই বিচারের পাশাপাশি দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জনগণের মতামত জানার সুযোগ থাকতে হবে। কারণ, কোনো দলের ভাগ্য নির্ধারণের মালিক সরকার নয়, একমাত্র জনগণ।

গত শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না। তাঁর বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলে গণহত্যা, গুম, নির্যাতন ও মসজিদে হামলার প্রসঙ্গ এসেছে। এসব অভিযোগের বিচার ও জবাবদিহি থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না—এই সিদ্ধান্তের ভিত্তি কী? জনগণের মতামত কি নির্বাচনের মাধ্যমে যাচাই করা হয়েছে?

রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা নির্ধারণের সবচেয়ে গণতান্ত্রিক উপায় নির্বাচন। নির্বাচনে জনগণ তাদের পছন্দ, অপছন্দ, ক্ষোভ, প্রত্যাশা ও রাজনৈতিক অবস্থান প্রকাশের সুযোগ পায়। কোনো দলকে মানুষ প্রত্যাখ্যান করলে সেই রায় মেনে নেওয়াই গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু নির্বাচনের আগেই জনগণের হয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হলে জনগণের মত প্রকাশের সুযোগ থাকে না।

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন, রাজনৈতিক নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্বাচনব্যবস্থা নিয়ে নানা ধরনের অভিযোগ থাকতে পারে। কিন্তু অপরাধের বিচার আর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া এক বিষয় নয়। যারা অপরাধ করেছে, তাদের জবাবদিহির আওতায় আনা যেতে পরে। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় পুরো দলের প্রত্যেক সদস্য বা সমর্থকের ওপর চাপিয়ে দেওয়া মোটেও কাম্য নয়।

আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক দল। এ দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দলটি একাধিকবার সরকার গঠন করে দেশজুড়ে ব্যাপক উন্নয়ন করেছে। এ দলের সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। তাঁদের সবাইকে একই বিবেচনায় বিচার করার সুযোগ নেই। কারও অপরাধ থাকলে তাঁর বিচার আইন অনুযায়ী হবে। কিন্তু সাধারণ সমর্থকের রাজনৈতিক মত প্রকাশের অধিকারও গণতন্ত্রের অংশ—তা কিন্তু মনে রাখতে হবে।

বর্তমান সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে, তারা যেন রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক নীতি অনুসরণ করে। আজ একটি দলের রাজনৈতিক অধিকার নিয়ে যে অবস্থান নেওয়া হচ্ছে, ভবিষ্যতে একই অবস্থান অন্য দলের ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক অধিকারের সংজ্ঞা বদলে গেলে গণতন্ত্রের ভিত্তিই দুর্বল হয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গণহত্যা ও নির্যাতনের বিচারের প্রসঙ্গ এসেছে। এসব অপরাধের বিচার প্রচলিত আইন অনুযায়ী হতেই পারে। তবে বিচার এবং রাজনৈতিক প্রতিশোধের মধ্যে পার্থক্য রাখতে হবে। কোনো দলীয় পরিচয়ের ওপর নয়, অপরাধের প্রমাণই বিচার প্রক্রিয়ার ভিত্তি হওয়া উচিত। ন্যায়বিচারের এই নীতি সবার জন্য সমানভাবে প্রযোজ্য থাকা জরুরি বলে মনে করছি।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের রাজনীতি মূলত দুটি ধারায় বিভক্ত। যার একটির নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্যটির নেতৃত্বে বিএনপি। দল হিসেবে আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। বিএনপি সরকারকে বিষয়টি মূল্যায়ন করতে হবে এবং তাদের রাজনীতি করার সুযোগ দিতে হবে।

আমরা সবাই জানি, রাজনৈতিক গ্রহণযোগ্যতা যাচাইয়ের সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক মাধ্যম হচ্ছে নির্বাচন। জনগণ আওয়ামী লীগকে গ্রহণ করবে, নাকি প্রত্যাখ্যান করবে—সেই প্রশ্নের উত্তরও নির্বাচনের মধ্য দিয়েই স্পষ্ট হওয়া উচিত। এ জন্য রাজনৈতিক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে থাকা নিষেধাজ্ঞা ও আইনি বাধার বিষয়টি আইনসম্মত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করা জরুরি।

মানুষ যদি আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডে ক্ষুব্ধ থাকে, তাহলে ভোটের মাধ্যমেই তার প্রতিফলন ঘটাবে। আবার দলটি যদি নিজেদের ভুল স্বীকার করে জনসমর্থন ফিরে পাওয়ার চেষ্টা করে, তারও পরীক্ষা হবে নির্বাচনে। জনগণের রায় আগাম নির্ধারণ করে দেওয়ার চেয়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সেই রায় জানার সুযোগ তৈরি করাই গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব।

যা হোক, আমি বলতে চাই, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার বর্তমান সরকারের নয়। সেই অধিকার একমাত্র জনগণের। আর জনগণের সেই সিদ্ধান্ত জানার সবচেয়ে গ্রহণযোগ্য পথ হচ্ছে সব রাজনৈতিক দল নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের রায়কে ভয় নয়, সম্মান করার মধ্য দিয়েই দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।

 

এই শাখার আরও খবর

মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…

ঢাবির জগন্নাথ হলে নির্মিত হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী সরস্বতী প্রতিমা, নাম লেখাবে গিনেস বুকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে নির্মিত হতে যাচ্ছে ৩০ ফুট উচ্চতার স্থায়ী দেবী সরস্বতীর প্রতিমা। আয়োজকদের দাবি, নির্মাণকাজ সম্পন্ন হলে এটিই হবে পৃথিবীর সর্ববৃহৎ স্থায়ী…

কালিয়াকৈরে একই মালিকের দুই বাসে আগুন, তদন্তে পুলিশ

গাজীপুরের কালিয়াকৈরে একই মালিকের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের…

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব ও নজরদারি দিন দিন আরও গভীর ও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও জ্যেষ্ঠ রাজনীতিবিদদের চিঠির পাশাপাশি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক…

টেস্ট ক্রিকেটে ইতিহাস, এক ম্যাচে তিনটি ৫০০ রানের ইনিংস!

টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বিরল এক কীর্তির সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাতের শারজা। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার টেস্টে প্রথমবারের মতো দেখা গেল এক ম্যাচে তিনটি…

১৬ ডিসেম্বর ভোরে দেশের মাটিতে পা রাখবেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ভোরে দেশের মাটিতে পা রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত ৭ নভেম্বর আওয়ামী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au