মিরসরাইয়ে সার পাচারের চেষ্টা: বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে সাগরপথে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে…
নিজের নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তাঁর দাবি, এলাকার মানুষ এসব গানবাজনা পছন্দ করেন না। এ বিষয়ে তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকায় ওরসসহ বিভিন্ন আয়োজনে যেন কোনো গ্রাম্য গানের আসর না বসে, সে বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করছেন।
সভায় জি কে গউছ বলেন, ‘গ্রাম্য গানবাজনা আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি বন্ধ করার অনুরোধ করব। আস্ত জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ সোয়া চার লাখ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন, সেখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন না হয়। ওরসের সময় বা অন্য কোনো উপলক্ষেও যেন গ্রাম্য গান না শুনি।’
শীত মৌসুমে এলাকায় ওয়াজ মাহফিল ও তাফসিরের আয়োজন বাড়বে উল্লেখ করে হুইপ বলেন, এসব আয়োজন ঘিরে যাতে কোনো উত্তেজনা সৃষ্টি না হয় এবং ধর্মীয় বিষয়ে অপব্যাখ্যা দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আয়োজনের অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও প্রশাসনকে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন তিনি।
মেলা আয়োজন নিয়েও আপত্তি
বাণিজ্য মেলা, শিল্প মেলা ও বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়া কিংবা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়েও বক্তব্য দেন জি কে গউছ। তাঁর মতে, এসব মেলার আয়োজনের প্রয়োজন নেই।
পার্শ্ববর্তী জেলার উদাহরণ যাঁরা দেন, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘সেখানকার মানুষের চাহিদা আছে। আমাদের এলাকার মানুষের এই চাহিদা তো নেই। মানুষ তো অপছন্দ করে।’
নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে হুইপ বলেন, ‘আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই।’
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ এলাকার বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এইটা-সেইটা কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। এগুলা সমাধান করব, না নতুনভাবে জঞ্জাল নেব?’
‘উচ্ছৃঙ্খল গানবাজনা’ বন্ধের কথা বলেছেন
বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোর সঙ্গে কথা বলেন জি কে গউছ। তিনি দাবি করেন, সব ধরনের গানবাজনা বন্ধের কথা বলেননি, বলেছেন ‘উচ্ছৃঙ্খল’ গানবাজনা বন্ধের কথা। তাঁর ভাষ্য, গ্রাম্য বাজার গানবাজনার জায়গা নয়।
জি কে গউছ বলেন, ‘গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতেই গানবাজনা বন্ধে প্রশাসনকে বলেছি।’

গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে হুইপ জি কে গউছের বক্তব্যের সমালোচনা করছেন অনেকে। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা
রোববার রাতে হুইপের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়। অনেকে তাঁর বক্তব্যের সমালোচনা করে সাংস্কৃতিক আয়োজন ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে মত দেন।
রামেন্দ্র দাস নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ‘যাঁরা গান পছন্দ করেন, তাঁরাও আপনাকে ভোট দিয়েছেন। গান পছন্দ করে না কীভাবে বুঝলেন।’
‘মাই স্কোপ’ নামের একটি আইডির পোস্টে বলা হয়, জনপ্রতিনিধির দায়িত্ব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা। সেখানে আরও বলা হয়, ওয়াজ মাহফিল, গ্রাম্য গান কিংবা অন্য সাংস্কৃতিক আয়োজন, সব ক্ষেত্রেই মানুষের শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের অনুষ্ঠান করার স্বাধীনতা থাকা উচিত।
পোস্টটিতে বলা হয়, একটি আয়োজনকে উৎসাহিত করে অন্য একটি আয়োজন নিষিদ্ধ করার মানসিকতা সাংস্কৃতিক সহনশীলতার পরিচয় নয়। জনপ্রতিনিধির দায়িত্ব মানুষের পছন্দ নির্ধারণ করা নয়, বরং সবার স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা।
সুমন মিয়া নামের একজন মন্তব্য করেন, ‘আপনার কাছে এই ধরনের কথা আশা করিনি।’ সন্দীপ দাস নামের আরেকজন লেখেন, ‘এমপি সাহেব, আপনি কী করে বুঝলেন হবিগঞ্জের মানুষ গান ভালোবাসে না। আপনাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা গান ভালোবাসেন।’
জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসনটি হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে এ আসন থেকে নির্বাচিত হন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au