গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি
গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…
ওটিএন বাংলা রিপোর্ট :
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মেট্রোরেলে আগুন দেওয়ার চেষ্টা করেন কয়েকজন শ্রমিক। পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও অনেকে কর্মস্থল ত্যাগ করে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হন।
একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
বিক্ষোভকারীদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। তাঁদের প্রধান দাবি, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদ জানান তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড, আটক কয়েকজন
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় কয়েকজন শ্রমিককে আটক করার খবর পাওয়া গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকরা সকালে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
অন্যদিকে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, বেলা ১১টা ১৫ মিনিটের দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
সাভার-আশুলিয়াতেও শ্রমিক বিক্ষোভ
শুধু মিরপুর নয়, মঙ্গলবার সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকাতেও পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি তাঁদের সরিয়ে দেয়। কিছু এলাকায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এর আগে সোমবার ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দেয়। মঙ্গলবার সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে মিরপুরসহ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায়।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। অন্যদিকে চলমান আন্দোলন ও সড়ক অবরোধে জনভোগান্তি এবং শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au