বাংলাদেশ

সংসদ সদস্য পদ ছাড়লেন সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

  • 10:02 pm - November 17, 2026
  • পঠিত হয়েছে:৫৫ বার
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। ছবিঃ সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার কিশোরগঞ্জ–৩ আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন। তিনি জানান, সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। এতে ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে। গত ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছায়। পত্রটি বিধিসম্মত হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন।

স্পিকার সংসদকে জানান, সংবিধানের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী স্পিকারের কাছে কোনো সংসদ সদস্যের পদত্যাগপত্র পৌঁছানোর পর থেকেই তাঁর আসন শূন্য বলে গণ্য হয়। সে অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ–৩ আসনটি শূন্য হয়েছে।

এর আগে মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই–মেইলে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেক এই শিক্ষামন্ত্রী। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। অসুস্থতার কারণে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দিতে পারেননি তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জালাল মোহাম্মদ গাউছ বলেন, সংসদ সদস্য ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য প্রায় চার মাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ–৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সরকারের মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর শিক্ষাজীবন শুরু হয় সেন্ট গ্রেগরিজ স্কুলে। ১৯৫৬ সালে এ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। ১৯৬১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ১৯৬৩ সালে মার্কিন সরকারের বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএআইডির ফেলোশিপ কর্মসূচিতে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭০ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ওসমান ফারুকের পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ–৩ আসনটি বর্তমানে সংসদে প্রতিনিধিত্বহীন হয়ে পড়েছে। আসনটিতে পরবর্তী সময়ে উপনির্বাচন আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশনের প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

এই শাখার আরও খবর

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগুন দিল বিএনপি

গাজীপুর শহরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপির পরিচয়ে একদল লোক…

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে…

ফরিদপুরে ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাঁকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা…

গোপালগঞ্জে দায়িত্ব পালনে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আট প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তবে দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই মারণাস্ত্র…

ঢাকার পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়। এর মধ্যে পল্লবীতে আগুন…

বিস্ফোরণে কেঁপে উঠল রাবি, ক্যাম্পাস বন্ধের আলটিমেটাম

ওটিএন বাংলা রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে আগামী ১৯ নভেম্বরের মধ্যে ক্যাম্পাস বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au