চায়ের দোকানে বসে থাকা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল লোকের হামলায় গুরুতর আহত…
দেশজুড়ে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের শিকার হচ্ছে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। গত ১০ দিনে দেশের ৪০টি জেলায় ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ২৩টি। সবচেয়ে বেশি আটটি হামলার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের তৈরি একটি নোটে এসব তথ্য উঠে এসেছে। ব্যাংকটির নিজস্ব নিরীক্ষার তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার দিনগুলোতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচি ছিল।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ৭২টি হামলার মধ্যে ৪৯টিই ঘটেছে গত মঙ্গলবার ও বুধবার। এর মধ্যে মঙ্গলবার ১৯টি এবং বুধবার দিবাগত রাতে সর্বোচ্চ ৩০টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ১০ নভেম্বর আটটি, ১১ নভেম্বর চারটি, ১৪ নভেম্বর দুটি, ১৫ নভেম্বর ছয়টি, ১৬ নভেম্বর একটি এবং ১৭ নভেম্বর দুটি ঘটনা ঘটেছে।
জেলা হিসেবে হামলার তালিকায় শীর্ষে রয়েছে গোপালগঞ্জ। জেলায় ব্যাংকটির বিভিন্ন শাখা ও কার্যালয়ে আটটি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর। সেখানে ছয়টি হামলার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে দেশের ৪০টি জেলার বিভিন্ন শাখা ও কার্যালয় এই হামলার শিকার হয়েছে।
শুধু মাঠপর্যায়ের শাখা কার্যালয় নয়, ব্যাংকটির আঞ্চলিক ও জোনাল কার্যালয়ও হামলার হাত থেকে রেহাই পায়নি। হামলার তালিকায় রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়। এতে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নিরীক্ষার তথ্য বলছে, হামলাকারীরা বিভিন্ন কৌশলে কার্যালয়গুলোতে আগুন দেওয়ার চেষ্টা করেছে। পেট্রল ঢেলে আগুন দেওয়া ও পেট্রলবোমা-ককটেল নিক্ষেপ ছাড়াও সাতটি ঘটনায় কার্যালয়ে প্রবেশ কিংবা আগুন দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি হামলাকারীরা। তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেওয়া হয়েছে।
এ ছাড়া দুটি ঘটনায় কেরোসিন ব্যবহার, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন এবং আরেকটি ঘটনায় পাথর নিক্ষেপের তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় ব্যাংকের কার্যালয় ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
হামলার ঘটনায় আইনি পদক্ষেপের চিত্রও হতাশাজনক। গ্রামীণ ব্যাংকের নিরীক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ৭২টি ঘটনার মধ্যে মাত্র সাতটিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ৪৮টি ঘটনায় এখন পর্যন্ত কোনো জিডি বা অভিযোগ করা হয়নি। আরও ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছে।
ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব হামলা দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনের ওপর আঘাত।
ব্যাংক কর্তৃপক্ষের মতে, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ। তাঁদের সঞ্চয়, ঋণ কার্যক্রম ও আর্থিক লেনদেনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রামীণ ব্যাংক আরও জানিয়েছে, প্রতিষ্ঠানটি কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। যাচাই না করে এসব তথ্য প্রচার না করতে সাংবাদিক ও গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au