নওরোজ রায়েদ আমিনকে ২০১৮ সালে গ্রেপ্তার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে সমর্থন দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার এক যুবককে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডিত যুবকের নাম নওরোজ রায়েদ আমিন। তাঁর বয়স ৩০ বছর।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিডনি বিমানবন্দরে আমিনকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছে সামরিক পোশাক, কৌশলগত অভিযানে ব্যবহৃত বুট, বোমা তৈরির নির্দেশিকা ‘দ্য অ্যানার্কিস্ট কুকবুক’-এর একটি ইলেকট্রনিক কপি এবং সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংরক্ষিত ইউএসবি ড্রাইভ পাওয়া যায়।
এসব ইউএসবি ড্রাইভে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সাময়িকীর ১০টি সংখ্যা ছাড়াও হত্যাকাণ্ড ও আত্মঘাতী বোমা হামলার ভিডিও ছিল। এসব সামগ্রী উদ্ধারের পর তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি এবং তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের মে থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমিন ইসলামিক স্টেটের সমর্থক ছিলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের দুই ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তাঁদের সঙ্গে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন তিনি।
এর দুই বছরের বেশি সময় পর, ২০১৮ সালের জুনে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইংলবার্ন এলাকায় নিজের বাসা থেকে আমিনকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছর তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি বা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহ জোগায় এমন সামগ্রী ইচ্ছাকৃতভাবে বিদেশে পাঠানোর চেষ্টা করার অভিযোগ স্বীকার করেন।
সোমবার সিডনির একটি আদালত তাঁকে পাঁচ বছর চার মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে চার বছর প্যারোলবিহীন কারাভোগ করতে হবে। অর্থাৎ ওই সময়ের আগে প্যারোলে মুক্তির সুযোগ পাবেন না তিনি।
নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের বিচারপতি পিটার গারলিং বলেন, আমিন বিদেশে এমন কাউকে খুঁজছিলেন, যিনি তাঁকে বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ দিতে পারবেন। তবে আমিন দাবি করেছিলেন, বিস্ফোরকগুলো অস্ট্রেলিয়ায় নয়, কেবল বাংলাদেশে ব্যবহারের পরিকল্পনা ছিল তাঁর।
বিচারপতি আরও বলেন, বাংলাদেশে ইসলামিক স্টেট বা অন্য কোনো শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার জন্য অস্ত্র সংগ্রহ কিংবা অস্ত্রের ব্যবস্থা করার কোনো পদক্ষেপ নেননি আমিন।
তাঁর পুনর্বাসনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বিচারপতি পিটার গারলিং বলেন, আমিন উগ্রবাদী মতাদর্শ পরিত্যাগ করেছেন অথবা তা থেকে বেরিয়ে আসার পথে রয়েছেন বলে তিনি মনে করেন।