নির্বাচিত খবর

রতন রবি দাসের ঢোলের বাদ্যে বাস্তবায়ন হচ্ছে আদালতের রায়

  • 2:02 pm - November 22, 2026
  • পঠিত হয়েছে:৪৩ বার
রতন রবি দাসের ঢোলের বাদ্যে বাস্তবায়ন হচ্ছে আদালতের রায়। ছবি : সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

ব্রিটিশ আমলের প্রচলিত রীতির আদলে ঢাকঢোল পিটিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে রাজবাড়ীতে। ঢুলি রতন রবি দাসের ঢোলের বাদ্যে আদালতের রায় বাস্তবায়নের এ ব্যতিক্রমী দৃশ্য দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। শনিবার (২১ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।

আদালতের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন কোর্ট পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রথমে রায় হওয়া জমির চারপাশে লাল পতাকা টাঙিয়ে সীমানা চিহ্নিত করা হয়।

পরে জারিকারক মো. জাহিদ প্রামাণিক উপস্থিত লোকজনের সামনে আদালতের আদেশ পড়ে শোনান। এরপর ঢুলি রতন রবি দাস ঢাকঢোল পিটিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের ঘোষণা দেন। এ সময় ঢোলের শব্দে আশপাশের মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়।

আদালত সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ৫৯৯৩ নম্বর দাগে মোট ৬৪ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজবাড়ীর আদালতে ৩৪ নম্বর মামলা দায়ের করা হয়।

মামলার বাদী দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার হাবিব ফকির। বিবাদী একই গ্রামের জিয়া সরদার, আলামিন সরদারসহ অন্যরা। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত বাদীর পক্ষে রায় ঘোষণা করেন।

দখল বুঝিয়ে দিতে আদালতের নির্দেশ

আদালতের রায় ও ডিক্রি পাওয়ার পরও বিবাদীদের বাধার কারণে জমির দখল নিতে পারছিলেন না বাদী। পরে জমির দখল বুঝে পেতে আদালতের সহযোগিতা চেয়ে ২০২৬ সালের ১ নম্বর জারি মামলা করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর আদালতের বিচারক বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন। সেই নির্দেশনা বাস্তবায়ন করতেই আদালতের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান।

এ বিষয়ে জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে এসে রায় বাস্তবায়ন করা হয়েছে। এ সময় কোনো ধরনের বিপত্তি ঘটেনি। তবে বিবাদী পক্ষের কোনো আপত্তি থাকলে তারা উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালতের পক্ষে রায় না পাওয়া পর্যন্ত তারা ওই জমিতে যেতে পারবেন না।

জারিকারক মো. জাহিদ প্রামাণিক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিবাদী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তাদের কেউ উপস্থিত ছিলেন না। তাই তাদের বাড়িতে গিয়ে আদালতের রায় পড়ে শোনানো হয়েছে।

৪০ বছর ধরে ঢোল পিটিয়ে আদালতের আদেশ প্রচার

আদালতের রায় বাস্তবায়নে ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়ার দায়িত্ব পালন করেন ঢুলি রতন রবি দাস। তিনি জানান, বাবা ও ঠাকুরদাদার পেশা ধরে রেখে প্রায় ৪০ বছর ধরে ঢুলির কাজ করছেন। আদালত থেকে তলব করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ঢোল পিটিয়ে আদালতের আদেশ প্রচার করেন।

রতন রবি দাস বলেন, এটি তার স্থায়ী কোনো চাকরি নয়। ডিক্রিপ্রাপ্ত পক্ষ খুশি হয়ে যা দেন, তা-ই তিনি গ্রহণ করেন। আদালতের রায় বাস্তবায়নে ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়ার এ রেওয়াজ ব্রিটিশ আমল থেকে চলে আসছে বলেও জানান তিনি।

অন্যদিকে জমির দখল বুঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী হাবিব ফকির। তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়ন করে জমির দখল বুঝিয়ে দেওয়ায় তিনি আদালতের প্রতি সন্তুষ্ট। বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au