বিশ্ব

নতুন নেপাল, পুরোনো প্রতিবেশী: ভারতের সঙ্গে সম্পর্কের পরীক্ষায় বালেন্দ্র শাহ

  • 9:33 pm - November 22, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
বালেন্দ্র শাহ। ছবি: সংগৃহীত

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফরকে ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, সীমান্ত বিরোধ, আকাশপথ ব্যবহারের অনুমতি এবং বন্যা-পরবর্তী পুনর্গঠন সহায়তা সফরের আলোচনায় গুরুত্ব পাবে। তবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেপালের নতুন নেতৃত্ব কতটা বাস্তব অগ্রগতি অর্জন করতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ। দুই দিনের সফরে রোববার দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত মার্চে শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয়ের মধ্য দিয়ে নেপালের ক্ষমতায় আসে। এর আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের মুখে গত বছর ক্ষমতাচ্যুত হয় কে পি শর্মা ওলির সরকার। ফলে নতুন রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায় আসার পর প্রতিবেশী বৃহৎ শক্তি ভারতের সঙ্গে এটিই নেপালের প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় যোগাযোগ।

সফরে দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে ভারতের সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ওই বন্যায় নেপালে ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এখনো নিখোঁজ রয়েছেন হাজারো মানুষ।

ঐতিহাসিক সম্পর্ক, তবে রয়েছে অবিশ্বাস

ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে, যার বড় অংশই উন্মুক্ত। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হওয়ায় নেপালের কৌশলগত গুরুত্বও অনেক।

বিশ্লেষকদের মতে, নেপালের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সঙ্গে ভারতের স্বার্থ সরাসরি জড়িত। তবে সীমান্ত বিরোধ, নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তারের অভিযোগ এবং দিল্লির কথিত ‘বড় ভাইসুলভ’ আচরণ নিয়ে দেশটির জনগণের একটি অংশের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে।

নেপালে ভারতের সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বিবিসিকে বলেন, নেপালের নতুন নেতৃত্ব মনে করছে, অতীতের রাজনৈতিক বোঝা তাদের নেই। তারা উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বের ওপর গুরুত্ব দিতে চায়।

তাঁর মতে, নতুন নেতৃত্ব আগের তুলনায় বেশি বাস্তববাদী এবং মতাদর্শের চেয়ে বাস্তব স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

দুই দেশের মধ্যে দীর্ঘ একটি সীমান্ত রয়েছে, যা মূলত উন্মুক্ত। ছবি: সংগৃহীত

নেপালের রাজনীতিতে ভারতের পুরোনো প্রভাব

২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে নেপালের রাজনীতিতে তিনটি দল দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছে। দলগুলো হলো কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল), নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী সেন্টার)।

দিল্লি এসব দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। তবে মতাদর্শগত কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে চীনের ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। ভারতকে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে দেখার পাশাপাশি দেশটির সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তিকে অসম আখ্যা দিয়ে সমালোচনাও করেছে তারা।

নেপালের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে কাঠমান্ডুতে প্রভাব বিস্তার নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা রয়েছে। দুই দেশের বিরুদ্ধেই নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

তবে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক শুধু কূটনৈতিক বা কৌশলগত স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের মানুষের মধ্যে রয়েছে গভীর সামাজিক ও পারিবারিক যোগাযোগ। সীমান্তের দুই পাশেই অনেক পরিবারের বসবাস। প্রতিদিনই দুই দেশের নাগরিকদের যাতায়াত চলে।

বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায় ভারতের গুরুত্ব

ভারত ও নেপালের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি। তবে বাণিজ্যের ভারসাম্য ভারতের অনুকূলে থাকায় দীর্ঘদিন ধরে এ নিয়ে কাঠমান্ডুর অসন্তোষ রয়েছে।

নেপালের পেট্রোলিয়ামজাত পণ্য ও বেশ কয়েকটি খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারী ভারত। এ ছাড়া বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে নেপালের বাণিজ্যের জন্যও ভারত গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়।

দুই দেশের সহযোগিতার আরেকটি বড় ক্ষেত্র জলবিদ্যুৎ। নেপাল থেকে সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রকল্প অনুমোদন করেছে ভারত। ভবিষ্যতে আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

রণজিৎ রায়ের মতে, ভারতে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। অন্যদিকে নেপালের পানিসম্পদ ও ভৌগোলিক অবস্থান জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এই সহযোগিতার সুফল শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। নেপাল ভারতীয় সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করছে।

প্রাকৃতিক দুর্যোগের সময়ও দুই দেশের সহযোগিতার নজির রয়েছে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্প এবং গত আগস্টের আকস্মিক বন্যার পর নেপালকে সহায়তা দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে ভারত ছিল।

সীমান্ত বিরোধ এখনো বড় চ্যালেঞ্জ

ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত ও নেপালের মধ্যে বেশ কিছু অমীমাংসিত বিরোধ রয়েছে। এর মধ্যে সীমান্ত বিরোধ অন্যতম।

২০১৯ সালে ভারত প্রকাশিত একটি মানচিত্রে চীনের সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের কয়েকটি বিতর্কিত এলাকা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখায়। এসব এলাকার ওপর নেপালেরও দাবি রয়েছে। ভারতের মানচিত্র প্রকাশের পর নেপালে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

পরবর্তী সময়ে নেপালও নিজস্ব মানচিত্র প্রকাশ করে। সেখানে বিতর্কিত এলাকাগুলোকে নেপালের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়ে।

নেপালের রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত বলেন, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের উচিত ভারত সফরে সীমান্ত ইস্যুটি উত্থাপন করা। তাৎক্ষণিক সমাধান সম্ভব না হলেও বিরোধ নিষ্পত্তির জন্য আলোচনার সূচনা করা প্রয়োজন।

অগাস্টে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৪৫০ জন প্রাণ হারিয়েছে নেপালে। ছবি: সংগৃহীত

নতুন বিমানবন্দরের জন্য ভারতের আকাশপথ গুরুত্বপূর্ণ

ভারতের কাছে দীর্ঘদিন ধরে নতুন কয়েকটি আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়ে আসছে নেপাল। অনুমতি পাওয়া গেলে বড় উড়োজাহাজ পশ্চিম দিক দিয়ে নেপালের নতুন বিমানবন্দরগুলোতে প্রবেশ করতে পারবে।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দর হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান লুম্বিনীর কাছে ভৈরহাওয়া বিমানবন্দর এবং পর্যটননগরী পোখারা বিমানবন্দর।

ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে এসব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দূরত্ব ও ব্যয় কমবে। একই সঙ্গে ফ্লাইটের সংখ্যা বাড়লে বিমানবন্দরগুলোর বাণিজ্যিক কার্যক্রমও লাভজনক হওয়ার সুযোগ তৈরি হবে।

নেপালের একটি অংশের ধারণা, চীনের নর্থওয়েস্ট সিভিল এভিয়েশন এয়ারপোর্ট কনস্ট্রাকশন গ্রুপ ভৈরহাওয়ার গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করেছে। অন্যদিকে পোখারা বিমানবন্দর নির্মাণে চীনের অর্থায়ন রয়েছে। এ কারণে প্রকল্প দুটি নিয়ে দিল্লির উদ্বেগ থাকতে পারে বলে তাঁদের ধারণা।

ভারত-চীন সম্পর্কের ভারসাম্য রক্ষার চেষ্টা

প্রধানমন্ত্রী হওয়ার পর এখনো চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো দৃশ্যমান উদ্যোগ নেননি বালেন্দ্র শাহ। তবে ভারত সফরের আগে গত ১৫ নভেম্বর থেকে ১১ দিনের সফরে চীনে ২০ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি।

বিশ্লেষকদের মতে, নেপালের দুই শক্তিশালী প্রতিবেশী ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্ষমতা গ্রহণের প্রথম বছরে বিদেশ সফর না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহ। কিন্তু গত আগস্টের ভয়াবহ বন্যা তাঁর সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছে।

নেপাল সরকারের হিসাব অনুযায়ী, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে প্রায় ৫০০ কোটি ডলার প্রয়োজন। তবে এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যে সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে, তা প্রত্যাশার তুলনায় কম।

শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চে বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে। ছবি: সংগৃহীত

নতুন নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন

ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ এই সফরের প্রস্তুতি নিয়ে নেপালের অভ্যন্তরেও কিছু সমালোচনা রয়েছে। দেশটির রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত মনে করেন, প্রধানমন্ত্রী শাহ ও তাঁর উপদেষ্টারা তরুণ এবং নতুন হওয়ায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে।

তিনি বলেন, শাসন পরিচালনার ক্ষেত্রে তাঁদের মধ্যে প্রয়োজনীয় গাম্ভীর্য ও বিচক্ষণতার অভাব দেখা গেছে। বিশেষ করে ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিচালনায় অভিজ্ঞতা ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী শাহ তাঁর সরকারের কয়েকটি সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। এর মধ্যে পুলিশপ্রধান দান বাহাদুরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোয় তাঁকে পদ থেকে সরানো হয়েছে।

এ ছাড়া কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে সাংবাদিকদের আটক করতে পুলিশ পাঠানোর ঘটনাও সমালোচনার জন্ম দিয়েছে। সংবাদ প্রকাশের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

সফরের সাফল্য নির্ধারণ করবে দেশে ফেরার পরের অর্জন

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষা থাকলেও প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের জন্য বড় পরীক্ষা হবে সফর শেষে দেশে ফেরার পর দৃশ্যমান কী অর্জন নিয়ে আসতে পারেন, তা।

দিল্লির কাছ থেকে বন্যা-পরবর্তী পুনর্গঠনের জন্য সুনির্দিষ্ট আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আদায় করতে পারলে তা তাঁর সরকারের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে সরকারের বিরুদ্ধে বাড়তে থাকা সমালোচনার চাপ মোকাবিলায়ও তা সহায়ক হতে পারে।

সব মিলিয়ে, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নেপালের নতুন নেতৃত্ব পুরোনো বিরোধগুলো কতটা সামাল দিতে পারে এবং অর্থনৈতিক সহযোগিতাকে কতটা এগিয়ে নিতে পারে, সেটিই হবে বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরের মূল পরীক্ষা।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au