রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
ভাস্কর দত্ত :
খুলনায় আবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। একই প্রতিকৃতিতে ১৬ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। নতুন করে আঁকার পরও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনায় সাংস্কৃতিক অসহিষ্ণুতা ও ধর্মীয় বিদ্বেষের বিষয়টি সামনে এসেছে।
শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে নগরীর রেলওয়ে স্টেশনের সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কে বা কারা কালি লেপে দেয়। রোববার (২২ নভেম্বর) সকালে স্থানীয়রা দেয়ালচিত্রে কালির দাগ দেখতে পান।
স্থানীয় সূত্র ও সরেজমিনে দেখা যায়, শনিবার রাত পর্যন্ত প্রতিকৃতিটি স্বাভাবিক ছিল। রোববার সকালে শুধু রবীন্দ্রনাথের মুখমণ্ডলে কালির দাগ দেখা যায়। ধারণা করা হচ্ছে, গভীর রাতে এ ঘটনা ঘটানো হয়েছে।
একই প্রতিকৃতিতে দ্বিতীয়বার আঘাত
এর আগে গত ৬ নভেম্বর সকালে একই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়েছিল। এ ঘটনার পর প্রতিকৃতিটি নতুন করে আঁকার উদ্যোগ নেয় খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে প্রতিকৃতিটি পুনরায় আঁকা হয়। নতুন করে আঁকার পরও দুই সপ্তাহের ব্যবধানে একই ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, দেয়ালে থাকা অন্য বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি অক্ষত থাকলেও কেন বারবার রবীন্দ্রনাথের ছবিকেই নিশানা করা হচ্ছে।
শিল্প-সাহিত্যপ্রেমীরা একে নিছক দুষ্কৃতকারীদের কাজ হিসেবে দেখতে নারাজ। তাঁদের আশঙ্কা, এর মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বী ও বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীকের প্রতি বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে। ঘটনার পেছনে সাম্প্রদায়িক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
অন্য প্রতিকৃতি অক্ষত, নিশানায় রবীন্দ্রনাথ
নগরীর শিববাড়ী মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছে। সেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিও রয়েছে।
এসব প্রতিকৃতির মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তবে বারবার শুধু তাঁর মুখমণ্ডলেই কালি লেপনের ঘটনা ঘটছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও দর্শন দুই বাংলার মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এমন একজন ব্যক্তিত্বের প্রতিকৃতিতে বারবার আঘাতের ঘটনা সাংস্কৃতিক পরিসরে অসহিষ্ণুতার উদ্বেগ বাড়াচ্ছে।
তদন্তের আশ্বাস পুলিশের
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে শনাক্ত বা আটক করার তথ্য পাওয়া যায়নি। আগের ঘটনার পরও একই প্রতিকৃতি নতুন করে বিকৃত হওয়ায় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, বারবার এ ধরনের ঘটনা ঠেকাতে দেয়ালচিত্র এলাকায় নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে পরপর এমন আঘাতের ঘটনায় ধর্মীয় ও সাংস্কৃতিক অসহিষ্ণুতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংস্কৃতিপ্রেমীরা।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি এই কর্মকাণ্ডকে ‘অসম্মানজনক ও বিদ্বেষমূলক’ বলে আখ্যা দিয়েছেন।
কেসিসি প্রশাসক বলেন, ‘কবিগুরুর ছবিতে কালি দেওয়ার ঘটনাকে আমার কাছে হিংস্রতা বলে মনে হয়েছে। এটি বিশ্ববরেণ্য কবির প্রতি অসম্মান। এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করার কোনও সুযোগ নেই। যারা এই কাজ করেছে, তাদের খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে বলেছি। পুনরায় আমরা ছবিটি আঁকবো। আমরা চাই, এ ধরনের কাজে আর কেউ অংশ না নিক। দেয়ালচিত্রগুলো যাতে অক্ষত থাকে, সে জন্য পুলিশ টহল আরও জোরদার করা হবে।’