বাংলাদেশ

এখনও কাটছে না নড়াইলে রাতভর তাণ্ডবের আতঙ্ক

ভয়ে রাতে বাড়িতে থাকছেন না অনেক বাসিন্দা, পুলিশের টহল জোরদার হলেও কাটেনি আতঙ্ক;

  • 12:37 am - November 23, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার
নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাসের পুড়িয়ে দেওয়া ঘর। আজ রোববার দুপুরে তোলা। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৬০টির বেশি বাড়িঘর এবং ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটে। ঘটনার পর কয়েক দিন পেরিয়ে গেলেও গ্রামজুড়ে আতঙ্ক কাটেনি। নিরাপত্তাহীনতায় অনেক বাসিন্দা রাতে নিজেদের বাড়িতে থাকছেন না। এলাকায় পুলিশ ও এসআরবির সদস্যরা টহল দিলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজের পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আকবর মোল্যার স্ত্রী রাবেয়া বেগম বলেন, তাঁর একতলা বাড়ির ছয়টি কক্ষই পুড়িয়ে দেওয়া হয়েছে। রান্নাঘর, গোয়ালঘর ও খড়ের পালাসহ ঘরের সব মালামাল আগুনে পুড়ে গেছে। কিছু জিনিস লুট করে নেওয়া হয়েছে। স্বামীহারা এই নারী বলেন, এখনো ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

রাবেয়া বেগম জানান, হামলার পর থেকে রাতে নিজের বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না। পাশের একটি বাড়িতে রাত কাটাচ্ছেন। গত রাতেও তাঁর বাড়ির গ্রিল ভাঙার শব্দ শুনেছেন। আলো জ্বালিয়ে লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায় বলে তাঁর অভিযোগ।

এর আগে গত বুধবার (১৮ নভেম্বর) বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম নিহত হন। এর দুই দিন পর শুক্রবার বেন্দারচর গ্রামে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

রোববার বেলা পৌনে ১২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত গ্রাম ঘুরে অন্তত ৬০টি বাড়ি ও ছয়টি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, কোনো কোনো বাড়িতে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। আবার কিছু বাড়িতে শুধু ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। কয়েকটি পরিবার শুধু লুটপাটের শিকার হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মহিবুল্লাহ বিশ্বাস, নাল্লু শেখ, এনায়েত ফকির, বিপ্লব বিশ্বাস, সাইফুল্লাহ বিশ্বাস, পরশ বিশ্বাস, কালু বিশ্বাস, শরিফুল বিশ্বাস, দাউদ মোল্যা, আকবর মোল্যা, মোস্তায়িন মোল্যা, কামাল মোল্যা, হারুন মোল্যা, লালচাঁন শেখ, খাজা শেখ, ইলাহি শেখ, হান্নান সিকদার ও আকমান সিকদারসহ অনেকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি) এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের প্রবেশমুখে পুলিশের অবস্থান। আজ রোববার দুপুরের দিকে। ছবি: সংগৃহীত

রাতে বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন বাসিন্দারা

রোববার দুপুরে বেন্দারচর গ্রামের প্রবেশপথে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। গ্রামের ভেতরের একটি মোড়েও ছিল পুলিশের উপস্থিতি। বিভিন্ন সড়কে পুলিশের পাশাপাশি এসআরবির সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ সময় কয়েকজন বাসিন্দাকে পোড়া বাড়ি থেকে অবশিষ্ট মালামাল সরিয়ে নিতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে নারী ও বয়স্কদের উপস্থিতি দেখা গেলেও কিশোর, তরুণ ও যুবকদের তেমন দেখা যায়নি। কেউ কেউ নিজেদের ঘর পরিষ্কার করছিলেন।

স্থানীয় বাসিন্দা পারভিন বেগম বলেন, হামলার পর থেকে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নারীরা কেউ বাড়িতে নিরাপদ বোধ করছেন না। রাতে বাড়িতে থাকার মতো পরিস্থিতি নেই। তাই তাঁরা অন্যত্র রাত কাটাচ্ছেন।

আরেক বাসিন্দা পিকলু বিশ্বাসের স্ত্রী বলেন, তাঁদের ঘরের মালামাল ও টাকাপয়সাসহ সবকিছু লুট করে নেওয়া হয়েছে। পুলিশ আসার পর ভয় কিছুটা কমলেও এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, গত শুক্রবার বিকেলে হঠাৎ তাঁদের বাড়িঘরে হামলা চালানো হয়। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয়। এসব ঘটনার জন্য তাঁরা বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন।

তবে বিএনপির নেতা-কর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বুধবার বেন্দারচরে বিএনপির মিছিলে হামলায় দুই নেতা নিহত হওয়ার ঘটনায় তাঁরা শোকাহত। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই।

‘বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে’, দাবি বিএনপি নেতার

কালিয়া পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলামের বাড়ি বেন্দারচর গ্রামে। রোববার দুপুরে তিনি বলেন, বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ জনতা কিছু ভাঙচুর করেছে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

বেন্দারচর গ্রামের রুস্তম মোল্যার ক্ষতিগ্রস্ত ঘর। আজ রোববার দুপুরে তোলা। ছবি: সংগৃহীত

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বেন্দারচরের বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসআরবির সদস্যরাও পুলিশের সঙ্গে কাজ করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, বিএনপির দুই নেতা নিহত হওয়া এবং পরবর্তী হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সাবেক সংসদ সদস্যের আত্মীয়স্বজনের পাঁচ থেকে ছয়টি পরিবারের ১৫ থেকে ১৬টি বাড়িঘরে হামলার তথ্য পাওয়া গেছে। সব বিষয় তদন্ত করা হচ্ছে।

বেন্দা ও বেন্দারচর নিয়ে ছড়ায় গুজব

এদিকে বেন্দারচরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের তথ্য ছড়াতে থাকে। এর মধ্যে বেন্দারচর ও বড় কালিয়ার ঘোষপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবরও ছড়ানো হয়।

তবে সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দা ও বেন্দারচর পাশাপাশি অবস্থিত হলেও দুটি পৃথক গ্রাম। বেন্দা গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও বেন্দারচরে তাঁদের কোনো বসতি নেই। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয়।

বেন্দা ও বেন্দারচর গ্রামের সংযোগস্থলের একটি মোড়ে রোববার দুপুরে কথা হয় বেন্দা গ্রামের বাসিন্দা শ্যামলি পালের সঙ্গে। তিনি বলেন, বেন্দা গ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেন্দারচরে অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।

নড়াইল জেলা পুলিশের শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চলছে, তা মিথ্যা ও বানোয়াট। বেন্দারচর এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতি নেই।

আওয়ামী লীগের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা হয়। বড় কালিয়া এলাকায়। ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগের বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান শনিবার সাংবাদিকদের বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। তাঁদের সঙ্গে বিএনপি রয়েছে এবং তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। ফেসবুকে দুই শতাধিক বাড়িতে হামলার যে তথ্য ছড়িয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

তবে শুক্রবার রাতে বড় কালিয়া এলাকার ঘোষপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার ঘটনা ঘটে। শনিবার সেখানে গিয়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা যায়। তবে আশপাশের অন্য কোনো বাড়িতে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au