সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। ছবি: সংগৃহীত
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১১ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাঁদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী ২ হাজার ২১১ জন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে মোট ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া সৌদি আরবের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। দেশটি থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ২৮ জন।
অন্যদিকে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদি আরবে বসবাসরত ১৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাঁদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।
সূত্র: গালফ নিউজ