খেলা

বাংলাদেশে ক্যাপ্টেনদের বিদায় আরো ভালো হতে পারতো: নাজমুল শান্ত

  • 6:52 pm - August 01, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ওটিএন বাংলাকে নিজের ভাবনা জানালেন টাইগারদের সাবেক অধিনায়ক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ জুলাই-২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বের শুরুটা ছিল স্বপ্নের মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশে টেস্ট জয়, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে, টি২০ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপেও তিনটি ম্যাচ জিতেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে। এরপরও নানা কারণে নেতৃত্বে ছেড়ে দেন শান্ত। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে অধিনায়ক হওয়া এবং শান্ত টেস্টের নেতৃত্ব ছাড়ায় দলের ভেতরে বিভাজনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। টেস্টের নেতৃত্ব ছাড়া, চাপের মধ্যে গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা, টি২০ এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা নিয়ে নাজমুল হোসেন শান্ত একান্ত সাক্ষাৎকার নিয়েছেন শুভ দেবনাথ।

ওটিএন বাংলা: মিরপুরে অনুশীলন করছেন, সামনের পরিকল্পনা কি?

শান্ত : একটা লম্বা বিরতিতে ছিলাম। রাজশাহীতে কিছুটা সময় কাটালাম। এখন অনুশীলন পুরোপুরিভাবে শুরু করেছি বললে ভুল হবে। একটু অসুস্থ ছিলাম, তাই ধীরে ধীরে এগোচ্ছি।

ওটিএন বাংলা: টি২০ দলে না থাকলে আপনাকে তো নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে ওয়ানডে বা টেস্ট ম্যাচ খেলার জন্য?

শান্ত : টি২০ দলে থাকব কি থাকব না–এই বিষয়গুলো নির্বাচক, কোচিং স্টাফ এবং অধিনায়কের ওপর নির্ভর করবে। টি২০ তে না থাকলে কী হবে বা থাকলে কী হবে সেভাবে চিন্তা করতে চাই না। যেহেতু হাতে কিছুটা সময় আছে, চেষ্টা করছি নিজের স্কিল, ফিটনেসের উন্নতি ঘটাতে।

ওটিএন বাংলা: নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এখন তো বাড়তি দায়িত্ব বা চাপ থাকছে না। নিশ্চয়ই তিন সংস্করণে ফোকাস করার সুযোগ বেশি থাকবে?

শান্ত : অধিনায়ক থাকায় অসুবিধা ছিল, তা না। হ্যাঁ, তখন সবাইকে নিয়ে একটু চিন্তা করতে হতো, দল নিয়ে ভাবতে হতো। ওই জায়গা থেকে দেখলে একটু হলে মুক্ত সময় পাব। এখন মূল ফোকাস থাকবে নিজের ব্যাটিংয়ে উন্নতি করা। তিন সংস্করণে সুযোগ এলে বেশি অবদান রাখার চেষ্টা করব। হ্যাঁ, বাড়তি কাজগুলো না থাকায় ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পারব।

ওটিএন বাংলা: বিসিবি আপনাকে টেস্টের নেতৃত্বের বিষয়টি পুনর্বিবেচনা করতে বললে, ভাবার সুযোগ আছে?

শান্ত : কেন আমি নেতৃত্ব ছেড়েছি সেটি নিয়ে কথা বলেছি। এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ ইতোমধ্যে দুই সংস্করণে দুইজন অধিনায়ক আছেন। আমি আশা করব, তারা ভালোভাবে দলটিকে সামনের দিকে এগিয়ে নেবেন। অধিনায়ক ইস্যুতে ভবিষ্যতে কী হবে না হবে সে বিষয় এ মুহূর্তে চিন্তা করছি না।
ওটিএন বাংলা: বাংলাদেশের ক্যাপ্টেনদের যোগ্য সম্মান কি দেয়া হয়?
শান্ত: আমি বলবো না দেয়া হয় না। তবে আরো ভালোভাবে হতে পারতো৷ আমাদের এখানে যেভাবে হয়, সেভাবে না হলেও পারতো।

ওটিএন বাংলা : ওয়ানডের নেতৃত্ব হারানোর পরও টেস্টে ফোকাস ছিলেন। গল টেস্টে জোড়া সেঞ্চুরি করেছেন। এতটা মনের জোর পেলেন কোথায়?

শান্ত : আপনি বর্তমানে থাকলে, দলের ভালো চিন্তা করলে যে কোনো কঠিন পরিস্থিতে ভালো থাকতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার উদ্দেশ্য। নিজের কথা চিন্তা করছেন না দলের কথা ভাবছেন। আমার সঙ্গে কী হলো বা আশাপাশের পরিবেশ নিয়ে চিন্তা করার চেয়ে ওই মুহূর্তে দলের কী প্রয়োজন তা নিয়ে ভাবা জরুরি। আমি ওই মুহূর্তে চিন্তা করেছি কীভাবে দলের জন্য অবদান রাখতে পারি। কারণ, পারিপার্শ্বিক অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকবে, নিজের মন মতো হবে না। আবার অনেক কিছু মন মতো হবে। সবকিছু মিলিয়ে অন্যদিকে ফোকাস না করে দলের জন্য অবদান রাখার চেষ্টা করি।

ওটিএন বাংলা : যেটুকু সময় অধিনায়ক ছিলেন কতটা উপভোগ করেছেন?

শান্ত : আমি অধিনায়কত্ব সব সময় উপভোগ করি। যতটুকু সময় বাংলাদেশের হয়ে পুরো সময়টা উপভোগ করেছি। আমার ভালো সময় কেটেছে।

ওটিএন বাংলা : কোচরা আপনাকে খুবই উঁচুমানের একজন খেলোয়াড় মনে করেন, সেই জায়গা থেকে আপনার কাছে প্রত্যাশাও তো বেশি থাকবে?

শান্ত : যেভাবে ক্রিকেট বোর্ড আমাকে বয়সভিত্তিক থেকে এখন পর্যন্ত যত্ন নিয়েছে, তা ভালো লাগার বিষয়। আমি মনে করি বিগত আড়াই-তিন বছরে আমার পারফরম্যান্স আগের থেকে ভালো হচ্ছে। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। আমার মনে হয় গত আড়াই-তিন বছরে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখান থেকে আরও ওপরের দিকে যাওয়ার সুযোগ আছে।

ওটিএন বাংলা : ২০২৬ সালে টি২০ এবং ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ আছে। এ দুই বিশ্বকাপ নিয়ে এখনই কি লক্ষ্য সেট করতে চান?

শান্ত : অবশ্যই। আমি যেহেতু চিন্তা করেছি নিয়মিত তিন সংস্করণে খেলতে চাই, শেষ দুই-তিন বছর নিয়মিত খেলেছি। গত দুটি টি২০ সিরিজে ছিলাম না। তবে টি২০ বিশ্বকাপ খেলার লক্ষ্যে আছে। কীভাবে দলে নিয়মিত হতে পারি সে চেষ্টা করব। আমার সামনে ভালো সুযোগ আছে–এনসিএল টি২০ ও বিপিএলে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার। ওই টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে অবশ্যই ভালোভাবে দলে ফিরতে পারব।

ওটিএন বাংলা : ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ ছিল, সেটি এখন নেই। খেলোয়াড় হিসেবে ওই বিশ্বকাপে কী ধরনের ছাপ রাখতে চান?

শান্ত : আমাদের জন্য খুব বড় একটা টুর্নামেন্ট। ২০২৭ সাল আসতে আসতে দলটা অভিজ্ঞ হয়ে উঠবে। অবশ্যই বড় লক্ষ্য থাকবে। তার আগে আমি ব্যাটার হিসেবে প্রতি সিরিজে ভালোভাবে অবদান রাখার চেষ্টা করব। আত্মবিশ্বাস নিয়ে যেতে পারলে ২০২৭ সালের বিশ্বকাপে ব্যাটার হিসেবে এবং দল হিসেবে ভালো করতে পারব।

ওটিএন বাংলা : সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা ৮ দলে থাকতে হবে বাংলাদেশকে। সেটি কি সম্ভব?

শান্ত : চ্যালেঞ্জ থাকবে। তবে সামনে যে সিরিজগুলো আছে সেখানে ভালো ফল করতে হবে এবং করা সম্ভব। হোম সিরিজগুলো জিততে হবে। আমি বিশ্বাস করি আমাদের দলটা হোম সিরিজগুলোয় ভালো খেলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে সরাসরি বিশ্বকাপে খেলবে।

ওটিএন বাংলা : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারতের সঙ্গে দেশে আগামী বছর সিরিজ জেতা সম্ভব?

শান্ত : দেশের মাটিতে আমরা এই দলগুলোকে হারিয়েছি। হোমে আমরা সব সময় ভালো ক্রিকেট খেলি। আমি মনে করি এই কন্ডিশনে আমরা অনেক বড় দল। আমি বিশ্বাস করি এই সিরিজগুলো জেতা সম্ভব।

ওটিএন বাংলা : টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলার কৌশল এবং উদ্দেশ্য নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। আপনার সমালোচনা হয়েছে। ওই রকম চাপের মুহূর্তগুলোকে কীভাবে নেন?

শান্ত : প্রথমত আমরা সেমিফাইনালে যাওয়ার মতো অবস্থান তৈরি করে ফেলেছিলাম। এটি একটি ইতিবাচক দিক। এর আগে অনেক বছর ধরে এরকম পরিস্থিতিই তৈরি হয়নি। সাধারণ মানুষ নেতিবাচকটা নিয়ে বেশি পড়ে আছে। অধিনায়ক হিসেবে আমি বলব–আমরা সেমিফাইনালে উন্নিত হওয়ার মতো অবস্থা তৈরি করতে পেরেছিলাম। তার মানে আমরা টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছি। নিঃসন্দেহে আফগানিস্তানের বিপক্ষে বড় একটা সুযোগ ছিল, শেষ পর্যন্ত সেটি হয়নি। বোলিং দিয়ে সেমিফাইনালে উন্নীত হওয়ার সমীকরণে যেতে পারলেও ব্যাটিংয়ে ক্লিক করেনি। অনেক বড় একটা সুযোগ আমরা মিস করেছি। তবে পুরো টুর্নামেন্ট দেখলে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছিলাম। অধিনায়ক হিসেবে বলব, এটি একটি ভালো অর্জন ছিল। সেমিফাইনাল খেলতে পারলে আরও ভালো লাগত।

ওটিএন বাংলা: ২০২৩ সালে ভালো একটি দল নিয়েও কেন এত খারাপ হলো?

শান্ত : আমরা দল হিসেবে ভালো খেলেনি। ২০২৩ সালে ভারতে যে কন্ডিশন ছিল সেখানে বড় রান না করলে ম্যাচ জেতা কঠিন। আমার মনে হয় আমরা ব্যাটাররা বড় রান করতে পারলে টুর্নামেন্ট অন্যরকম হতে পারত। আমরা সবাই জানি টুর্নামেন্ট শুরুর আগে বাইরে অনেক নেতিবাচক জিনিস ছিল। সেগুলো কোনো না কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমরা যতই বলি পেশাদার ক্রিকেটার, ওসব নিয়ে চিন্তা কম করি, সত্যটা হলো ওই জিনিসগুলোরও নেতিবাচক প্রভাব ছিল। আমি এখন সেটি উপলব্ধি করতে পারি।

ওটিএন বাংলা : আপনি ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর পর দলের ভেতরে গ্রুপিংয়ের কথা শোনা গেছে। নিউজেও দেখতে পেয়েছি। এটির সত্যতা কতটুকু?

শান্ত : না, না। আমি শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ পর্যন্ত ছিলাম। ওই সময় পর্যন্ত দলাদলির মতো কিছু ছিল না। পরিবেশটা ভালো আছে। আমি বিশ্বাস করি আস্তে আস্তে এটা আরও ভালোর দিকে যাবে। কিছু ঘটনায় মানুষ হয়তো বাইরে থেকে ধারণা করছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি।

ওটিএন বাংলা: এখন যারা অধিনায়ক আছেন তাদের অধীনে খেলতে আপনার কোনো আপত্তি আছে?

শান্ত : না, না। আমার কোনো আপত্তি নেই (হাসি)। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত তারা কাকে অধিনায়ক বানাবেন। যে অধিনায়ক হবেন তাঁর প্রতি আমার পূর্ণ সম্মান থাকবে। আমি যে কোনো অধিনায়কের অধীনে খেলার জন্য প্রস্তুত। দলের জন্য যেভাবে খেলা দরকার বা অধিনায়ককে সহযোগিতা করার প্রয়োজন করব।

ওটিএন বাংলা : আপনি অধিনায়ক হওয়ার পর টপঅর্ডার ব্যাটিংয়ে ঘাটতি ছিল। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের কারণে সেখানে কি কিছুটা উন্নতি দেখেন?

শান্ত : আমি অল্পতেই খুশি হতে চাই না। আমার মনে হয় টি২০ তে তামিম ও ইমন খুবই ভালো শুরু দিচ্ছে। টি২০ তে মোটামুটি ভালো যাচ্ছে। ওয়ানডে এবং টেস্টে এই জায়গায় অনেক উন্নতি করার জায়গা আছে। এই জায়গাতে আরও ধারাবাহিকতা বাড়ানোর প্রয়োজন আছে। টেস্ট এবং ওয়ানডেতে ভালো শুরুই গুরুত্বপূর্ণ না, কেউ শুরু পেলে ইনিংস বড় করা গুরুত্বপূর্ণ।

ওটিএন বাংলা : শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কথা হয়েছে?

শান্ত : না, এখন পর্যন্ত আমার কথা হয়নি। কারণ, আমি দেশে ফেরার পর রাজশাহীতে চলে গিয়েছিলাম।

ওটিএন বাংলা: বৈশ্বিক ইভেন্টে ভালো করে না বাংলাদেশ। আগামী দুই বিশ্বকাপে ভালো করার সুযোগ কতটা?

শান্ত : টি২০ অনিশ্চিত খেলা। নির্দিষ্ট দিনে যে দলটি ভালো খেলে তাদের জেতার সম্ভাবনা বেশি থাকে। আমি মনে করি ব্যাটিং ক্লিক করলে টি২০ তে ভালো ফল করতেও পারব। বিশ্বকাপে বড় যে দলগুলো খেলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ব্যাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটিং ক্লিক করলে, যে বোলিং আছে তাতে ভালো করা সম্ভব। ওয়ানডেতে গত দেড়-দুই বছর ভালো খেলিনি। এখন একটু একটু করে ভালো হচ্ছে। আগামী দেড় বছর একসঙ্গে খেলতে পারলে অভিজ্ঞ হয়ে উঠব। তার আগে আমাদের অনেক হোম ওয়ার্ক করতে হবে। স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়ে কাজ করতে হবে। বিশ্বকাপে কোন কন্ডিশনে খেলব, সেরকম কন্ডিশন বানিয়ে ম্যাচ খেলা ও প্র্যাকটিস করতে হবে। আপনি খুব ভালো প্রস্তুতি না নিয়ে শুধু প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে গেলে ভালো হবে না। আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারি। ওই কন্ডিশনে কী রকম চ্যালেঞ্জ থাকবে, কোন দলের সঙ্গে আমরা খেলব, ওগুলো মাথায় রেখে খুব ভালো প্রস্তুত হয়ে যেতে পারলে ভালো ফল করা সম্ভব হবে।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au